“২১-এর ফাইল পাবলিক করুন!” শুভেন্দুর কাছে বিস্ফোরক দাবি শুভঙ্করের, ব্যাকফুটে মমতা?

কলকাতা: ২০২৬-এর ‘পরিবর্তিত’ বাংলায় ক্রমশ ব্যাকফুটে মমতা বন্দ্যোপাধ্যায় ও তাঁর দল তৃণমূল কংগ্রেস। আর এই রাজনৈতিক পালাবদলের সুযোগেই রাজ্যে নিজেদের হারানো জমি পুনরুদ্ধার করতে মরিয়া জাতীয় কংগ্রেস। আসন্ন ২১শে জুলাই শহিদ দিবসকে সামনে রেখে এবার বড়সড় প্রস্তুতি শুরু করেছে হাত শিবির। এরই মাঝে রাজ্যের বর্তমান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর কাছে একুশে জুলাইয়ের ফাইল প্রকাশ্যে আনার জোরালো দাবি তুলে রাজ্য রাজনীতিতে আলোড়ন ফেলে দিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার।
মমতার বিরুদ্ধে ‘যোগদান মেলা’র অভিযোগ এতদিন ২১শে জুলাইয়ের লাইমলাইট একাই পেয়ে এসেছে তৃণমূল। এই প্রসঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়কে কড়া আক্রমণ করে শুভঙ্কর সরকার বলেন, “আমরা ইতিহাস বিকৃত করতে চাই না। সেদিন মমতা বন্দ্যোপাধ্যায় কংগ্রেস নেতাদের সঙ্গে নিয়েই আন্দোলনের নেতৃত্ব দিয়েছিলেন। কিন্তু পরে তিনি দল ছেড়ে আলাদা পতাকার নীচে শহিদ দিবস পালন শুরু করেন।” তাঁর অভিযোগ, শহিদদের প্রতি শ্রদ্ধা নিবেদনের বদলে ওই দিনটিকে চটুল গান আর ক্ষমতা প্রদর্শনের ‘যোগদান মেলায়’ পরিণত করেছিলেন মমতা।
শুভেন্দুর কাছে ফাইল প্রকাশের আর্জি প্রদেশ কংগ্রেস সভাপতির সবচেয়ে বড় অভিযোগ, মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় আসার পর শহিদদের প্রতি সুবিচার করেননি। তিনি বলেন, “যিনি একসময় নেতৃত্ব দিয়েছিলেন, তিনি সরকারে এসে মনীশ গুপ্তের ফাইল খোলেননি বা কমিশনের রিপোর্টও সামনে আনেননি। উলটে মনীশ গুপ্তকে মন্ত্রী করে পুরস্কৃত করেছিলেন।”
এরপরই বর্তমান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর প্রতি বড় দাবি ছুড়ে দেন তিনি। শুভঙ্কর বলেন, “বর্তমান মুখ্যমন্ত্রীও সেদিন কংগ্রেসেরই ছাত্র নেতা ছিলেন। তাঁর কাছে আমাদের আবেদন, অবিলম্বে মনীশ গুপ্তের ফাইল খুলুন। কার নির্দেশে সেদিন নির্বিচারে গুলি চলেছিল এবং কমিশনের রিপোর্ট কী ছিল, তা অবিলম্বে পাবলিক ডোমেনে আনা হোক।”
কংগ্রেসের মঞ্চ সবার জন্য খোলা ৩৩ বছর ধরে শ্রদ্ধার সঙ্গে এই দিনটি পালন করে আসা কংগ্রেস এবার ধর্মতলা চত্বরেই বিশাল সমাবেশের ডাক দিয়েছে। শুভঙ্কর সরকার স্পষ্ট জানিয়েছেন, যাঁরা এতদিন পথভ্রষ্ট হয়েছিলেন বা ভুল করে কংগ্রেসের ক্ষতি করেছিলেন, তাঁরা ভুল স্বীকার করে ফিরে আসতে চাইলে কংগ্রেসের শহিদ মঞ্চ তাঁদের জন্য সবসময় খোলা থাকবে।
রাজনৈতিক মহলের মতে, একদিকে মমতার দলের ভাঙন এবং অন্যদিকে কংগ্রেসের এই আগ্রাসী মনোভাব আগামী ২১শে জুলাইয়ের সমীকরণকে সম্পূর্ণ নতুন মাত্রা দিতে চলেছে।