কোয়েলের পর নিশানায় আরও এক TMC সাংসদ! ফোনালাপ রেকর্ড ঘিরে বঙ্গ রাজনীতিতে তোলপাড়

কোয়েল মল্লিকের ইস্তফার রেশ কাটতে না কাটতেই রাজ্য-রাজনীতিতে নতুন জল্পনা। ‘অপারেশন লোটাস’-এর পরবর্তী টার্গেট কি তৃণমূল কংগ্রেসের আরও এক হেভিওয়েট রাজ্যসভার সাংসদ? সূত্রের খবর, বিজেপির পক্ষ থেকে ইতিমধ্যেই ওই তৃণমূল সাংসদের সঙ্গে যোগাযোগ করে দলবদলের লোভনীয় প্রস্তাব দেওয়া হয়েছে। সবচেয়ে চাঞ্চল্যকর বিষয় হল, ওই সাংসদ নাকি সেই ফোনালাপ পুরোটাই রেকর্ড করে রেখেছেন! যদিও এই দাবির সপক্ষে এখনও কোনও সরকারি প্রমাণ বা অডিয়ো সামনে আসেনি, তবে এই খবর ঘিরেই রাজনৈতিক মহলে শোরগোল পড়ে গিয়েছে।
টানা দলবদলে জেরবার ঘাসফুল শিবির গত তিন মাসে রাজ্যে সরকার বদলের পর থেকেই তৃণমূলে ধস নেমেছে। ইতিমধ্যেই দলের ২০ জন লোকসভা সাংসদ ঘাসফুল ছেড়ে এনসিপিআই (NCPI)-তে যোগ দিয়েছেন। পাশাপাশি, রাজ্যসভার তিন সাংসদ ইস্তফা দিয়ে বিজেপির সমর্থনে ফের উচ্চকক্ষে ফেরার অপেক্ষায় রয়েছেন। আজ, ১৭ জুলাই মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন হওয়ায়, ওই আসনগুলিতে আর ভোটের প্রয়োজন পড়বে না বলেই মনে করা হচ্ছে।
নেপথ্যে কোন কোন নেতা? রাজনৈতিক মহলের জল্পনা, তৃণমূল ভাঙানোর এই গোটা প্রক্রিয়ার মূল দায়িত্বে রয়েছেন কেন্দ্রীয় পরিবেশমন্ত্রী ভূপেন্দ্র যাদব। পাশাপাশি, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর কৌশলগত ভূমিকাও অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিজেপি সাংসদ নিশিকান্ত দুবে এবং সি এম রমেশও এই দলবদলের খেলায় মধ্যস্থতাকারী হিসেবে কাজ করছেন বলে শোনা যাচ্ছে। যদিও গেরুয়া শিবিরের তরফে এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে কোনও প্রতিক্রিয়া দেওয়া হয়নি।
বাদল অধিবেশনে কড়া পরীক্ষার মুখে ‘ইন্ডিয়া’ জোট আগামী সোমবার থেকে শুরু হতে চলেছে সংসদের বাদল অধিবেশন। এই দলবদলের আবহেই বিরোধী জোট ‘ইন্ডিয়া’-র কাছে নিজেদের ঐক্য ধরে রাখা এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ। কংগ্রেস সংসদীয় দলের নেত্রী সোনিয়া গান্ধী ইতিমধ্যেই বিরোধীদের সতর্ক করে বলেছেন, নিজেদের মধ্যে সমন্বয়ের ফাঁক তৈরি হলেই বিজেপি তার ফায়দা নেবে।
অধিবেশনে নজরে যে ৫ বিল: এই অধিবেশনে ‘এক দেশ, এক নির্বাচন’ বা এলাকা পুনর্বিন্যাসের মতো বিতর্কিত বিলগুলি আপাতত সরকারের তালিকায় না থাকলেও, বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ সংশোধনী বিল পাস করানোর চেষ্টা হবে:
- ইনকাম ট্যাক্স সংশোধনী বিল
- সুপ্রিম কোর্ট জাজেস সংশোধনী বিল
- রেজিস্ট্রেশন অব বার্থ অ্যান্ড ডেথস সংশোধনী বিল
- প্রিভেনশন অব ইনসাল্ট টু ন্যাশনাল অনার সংশোধনী বিল
- এমএসএমই ডেভেলপমেন্ট সংশোধনী বিল
কংগ্রেস নেতা জয়রাম রমেশ স্পষ্ট জানিয়েছেন, জনস্বার্থবিরোধী কোনও বিলই বিরোধীরা বিনা বাধায় পাস হতে দেবে না। তবে তৃণমূলের এই লাগাতার ভাঙন রুখে বিরোধীরা সংসদে কতটা একজোট হতে পারে, এখন সেটাই দেখার।