মমতার হাত ছাড়লেন কোয়েল! ইস্তফা দিতেই ‘স্বার্থপর’ সিনেমার পোস্টার দিয়ে খোঁচা মহুয়ার

কলকাতা: ছাব্বিশের বিধানসভা নির্বাচনের পর থেকেই তৃণমূল কংগ্রেসে ভাঙনের সুর স্পষ্ট। এবার শাসকদলের হাত ছাড়লেন টলিউডের জনপ্রিয় অভিনেত্রী তথা রাজ্যসভার সাংসদ রুক্মিণী মল্লিক ওরফে কোয়েল মল্লিক। রথযাত্রার পুণ্য তিথিতেই আচমকা রাজ্যসভার সাংসদ পদ থেকে ইস্তফা দিলেন তিনি। আর এই ইস্তফার খবর প্রকাশ্যে আসতেই কোয়েলকে তাঁরই সিনেমার পোস্টার দিয়ে নজিরবিহীন আক্রমণ শানালেন তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র।
কীভাবে কটাক্ষ করলেন মহুয়া? গত ২০ অক্টোবর পরিচালক অন্নপূর্ণা বসুর হাত ধরে ‘স্বার্থপর’ সিনেমা দিয়ে কামব্যাক করেছিলেন কোয়েল মল্লিক। ভাই-বোনের আইনি লড়াইয়ের এই গল্পে কোয়েলের সঙ্গে ছিলেন কৌশিক সেন। দল ছাড়ার পর অভিনেত্রীকে বিঁধতে সেই ‘স্বার্থপর’ সিনেমার পোস্টারকেই হাতিয়ার করলেন মহুয়া মৈত্র। সরাসরি নাম না করে কোয়েলকে ‘স্বার্থপর’ বলে খোঁচা দিয়েছেন কৃষ্ণনগরের সাংসদ।
রাজ্যসভায় শক্তি কমল তৃণমূলের কোয়েল মল্লিকের এই পদত্যাগের ফলে রাজ্যসভায় তৃণমূল কংগ্রেসের সাংসদ সংখ্যা ১৩ থেকে কমে ৯-এ দাঁড়াল। সূত্র মারফত জানা গিয়েছে, কোয়েল আগেই ইস্তফা দেওয়ার ইচ্ছা প্রকাশ করেছিলেন। কিন্তু নিয়ম অনুযায়ী সশরীরে এসে ইস্তফাপত্র জমা দেওয়ার কথা বলা হয় তাঁকে। সেইমতো রথের দিন উপরাষ্ট্রপতি সিপি রাধাকৃষ্ণণের হাতে নিজের পদত্যাগপত্র তুলে দেন অভিনেত্রী। এর আগে গত মাসেই সুখেন্দু শেখর রায়, সুস্মিতা দেব ও প্রকাশ চিক বরাইক রাজ্যসভার সাংসদ পদ থেকে ইস্তফা দিয়েছিলেন।
মহুয়ার নিজস্ব লড়াই ও বিতর্ক কোয়েলকে কটাক্ষ করলেও, মহুয়া মৈত্র নিজেও বর্তমানে বিতর্কের কেন্দ্রে। সম্প্রতি ২১ জুলাইয়ের প্রস্তুতি খতিয়ে দেখতে নদিয়ার কৃষ্ণগঞ্জে গিয়েছিলেন তিনি। সেখানে পুলিশের সামনেই তাঁদের উদ্দেশ্য করে ডিম ছোড়া হয় বলে অভিযোগ। মহুয়ার দাবি, পুলিশ কোনও ব্যবস্থা না নিয়ে উলটে তাঁর বিরুদ্ধেই এফআইআর দায়ের করেছে। এই ‘ডিম থেরাপি’ নিয়ে সরব হয়ে থানা থেকে সুপ্রিম কোর্ট পর্যন্ত যাওয়ার হুঁশিয়ারি দিয়েছেন তিনি। অন্যদিকে, এক বিশেষ সম্প্রদায়ের মহিলাদের অপমান করার অভিযোগে নদিয়ার হোগলাবেড়িয়া থানাতেও মহুয়ার বিরুদ্ধে এফআইআর দায়ের হয়েছে।