‘১৫ বছর ধরে অনেক ঢং করেছেন, এবার ডিম-ভাতের উৎসব বন্ধ হোক!’ একুশের মঞ্চ নিয়ে মমতাকে চরম কটাক্ষ দিলীপের

নিজস্ব প্রতিবেদন: গত বছরগুলোর তুলনায় এবারের একুশে জুলাইয়ের চেনা ছবিটা অনেকটাই পালটে গিয়েছে। সকাল থেকে ট্রেন-বাসে উপচে পড়া ভিড় বা চেনা ব্যস্ততা এবার আর চোখে পড়ছে না। এবার কালীঘাট তৃণমূল, ঋতব্রত তৃণমূল এবং কংগ্রেস—এই তিন দলের তরফে আলাদা করে শহিদ দিবস পালন করা হচ্ছে। আর এই আবহেই একুশে জুলাইয়ের কর্মসূচি নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তীব্র আক্রমণ করলেন রাজ্যের মন্ত্রী দিলীপ ঘোষ।
‘ডিম-ভাত খাওয়ার উৎসব বন্ধ হোক’ শহিদ দিবস নিয়ে তৃণমূলকে তুলোধোনা করে দিলীপ ঘোষ বলেন, “এই করেই এতদিন তৃণমূলের দোকান চলেছে। অন্যের কাছ থেকে শহিদ দিবস ছিনিয়ে এনে রাজনীতি করা হয়েছে। সারা কলকাতা জ্যাম করে ডিম-ভাত খাওয়ার যে উৎসব চলত, তা এবার বন্ধ হওয়া উচিত।” প্রাক্তন মুখ্যমন্ত্রীর উদ্দেশে তাঁর সরাসরি তোপ, “গত ১৫ বছর ধরে আপনি ওদের নিয়ে অনেক ঢং করেছেন। শহিদ পরিবারকে মঞ্চে তুলে সহানুভূতি কুড়িয়ে কেবল ভোট জিতেছেন, কিন্তু বাস্তবে ওদের জন্য কিছুই করেননি।”
‘পার্টিতে লোক নেই, পাহারা দিয়ে কী হবে?’ সভামঞ্চ ভাঙচুরের আশঙ্কায় সোমবার রাতভর সভাস্থল পাহারা দিয়েছেন মমতা ও অভিষেক। এই প্রসঙ্গের কড়া সমালোচনা করে দিলীপ ঘোষ বলেন, “রাতভর তদারকি করে কী হবে? সভায় তো আগে লোক আসা চাই! কর্মীরা দল ছেড়েছে, সাংসদ-বিধায়করাও চলে গিয়েছে। পার্টির আর আছেটা কী?”
‘কেউ পাত্তাই দেয় না ওদের’ দিলীপ ঘোষ আরও কটাক্ষ করে বলেন, “উনি দু’দিন ধরে সভাস্থলে গিয়ে শুধু ছবি তুলছেন। কেউ তো আটকায়নি বা একটা ডিমও ছোঁড়েনি। কেউ পাত্তাই দেয় না ওদের। অনুষ্ঠান বানচাল করার কী আছে? বিজেপি বলেই ওদের সভার অনুমতি দিয়েছে, পর্যাপ্ত সুরক্ষাও দিয়েছে।”
সব মিলিয়ে একুশে জুলাইয়ের দিন দিলীপ ঘোষের এই আক্রমণাত্মক মন্তব্য রাজ্য রাজনীতিতে নতুন করে পারদ চড়িয়েছে।