রাস্তায় নামল ৫০টি নতুন গেরুয়া AC বাস, মহিলাদের জন্য ‘পিঙ্ক সিট’! পরিবহণে একগুচ্ছ চমক মুখ্যমন্ত্রীর

রাজ্যের পরিবহণ ব্যবস্থায় বড়সড় রদবদল! সরকারি বাসের ঘাটতি মেটাতে মঙ্গলবার কসবায় ৫০টি নতুন শীতাতপ নিয়ন্ত্রিত (AC) বাসের উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বাসগুলির অন্যতম আকর্ষণীয় দিক হল এর ‘গেরুয়া’ রং। পাশাপাশি মহিলাদের সুরক্ষায় ও সুবিধার্থে বাসের অন্দরেও আনা হয়েছে নতুনত্ব।
কী কী চমক থাকছে নতুন বাসে?
- পিঙ্ক সিট: মহিলাদের জন্য এই বাসগুলিতে বিশেষভাবে গোলাপি রঙের আসন বা ‘পিঙ্ক সিট’ সংরক্ষিত থাকছে।
- পিঙ্ক কার্ড: মুখ্যমন্ত্রীর ঘোষণা অনুযায়ী, খুব দ্রুত মহিলাদের সুবিধার্থে রাজ্যে ‘পিঙ্ক কার্ড’ পরিষেবাও চালু হতে চলেছে।
পরিবহণ নিয়ে মুখ্যমন্ত্রীর বড় ঘোষণা:
- সমান বেতন: ঐতিহাসিক সিদ্ধান্ত! এবার থেকে সমস্ত সরকারি বাসের কন্ডাক্টররা চালকদের সমান বেতন পাবেন।
- ওয়াটার মেট্রো: দেশের ১৭তম রাজ্য হিসেবে বাংলা খুব শীঘ্রই ‘ওয়াটার মেট্রো’ পরিষেবায় যুক্ত হতে চলেছে।
- পরিবেশবান্ধব যান: দূষণ রুখতে সিএনজি (CNG) এবং ইলেকট্রিক যানের (EV) উপর জোর দিচ্ছে সরকার। বাড়ানো হচ্ছে ইভি চার্জিং স্টেশনের সংখ্যাও। আগামী দিনে আরও অনেক বিদ্যুৎচালিত বাস পথে নামবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী।
আগের সরকারকে তীব্র আক্রমণ
নতুন বাসের উদ্বোধনের মঞ্চ থেকেই আগের সরকারের তীব্র সমালোচনা করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তাঁর অভিযোগ, আগের সরকার রাজ্যের ঘাড়ে ৮ লক্ষ কোটি টাকার বিশাল ঋণের বোঝা চাপিয়ে গিয়েছে এবং বহু সরকারি বাস তুলে নিয়ে পরিবহণ ব্যবস্থাকে কার্যত পঙ্গু করে দিয়ে গিয়েছে।
বর্তমান সরকার সেই মৃতপ্রায় ব্যবস্থাকে পুনরুজ্জীবিত করতেই কেন্দ্রের সঙ্গে সমন্বয় রেখে কাজ করছে বলে জানান তিনি। মুখ্যমন্ত্রীর দাবি, যোগাযোগ ও পরিবহণ ব্যবস্থা যত উন্নত হবে, রাজ্যে তত বেশি শিল্প আসবে। এর ফলে আখেরে রাজ্যের আয়ই বৃদ্ধি পাবে।