‘এটা শুধু পরীক্ষার বিষয় নয়…’, NEET কেলেঙ্কারি নিয়ে ক্ষোভ উগরে দিলেন টলিউড তারকা জিৎ

‘এটা শুধু পরীক্ষার বিষয় নয়…’, NEET কেলেঙ্কারি নিয়ে ক্ষোভ উগরে দিলেন টলিউড তারকা জিৎ

বলিউডের পর এ বার টলিউডেও নিট (NEET) কাণ্ড নিয়ে ক্ষোভের আঁচ দেখা গেল। নিট প্রশ্নপত্র ফাঁস এবং শিক্ষা ব্যবস্থায় দুর্নীতির বিরুদ্ধে সোশ্যাল মিডিয়ায় নোট শেয়ার করে সরব হলেন বাংলা সিনেমার মেগাস্টার জিৎ।

নিট পরীক্ষার প্রশ্নফাঁস ও ফলাফল সংক্রান্ত অসঙ্গতির কারণে ভারতের শিক্ষা ব্যবস্থা এবং ভবিষ্যৎ চিকিৎসকদের ভবিষ্যৎ নিয়ে বড়সড় প্রশ্ন উঠেছে। এই পরিস্থিতিতে কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রীর পদত্যাগের দাবিতে আন্দোলন ক্রমশ দানা বাঁধছে। সেই ধারাবাহিকতা বজায় রেখেই এ বার শিক্ষার্থীদের ন্যায়বিচারের পক্ষে দাঁড়ালেন জিৎ।

বৃহস্পতিবার নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে পোস্ট করে অভিনেতা লেখেন, ‘নিট সংক্রান্ত সমস্যাটি এখন আর কেবল একটি পরীক্ষার মধ্যে সীমাবদ্ধ নেই। এটি লক্ষ লক্ষ শিক্ষার্থী এবং তাঁদের পরিবারের আশা, স্বপ্ন এবং বিশ্বাসের বিষয়। প্রত্যেক যোগ্য শিক্ষার্থীর একটি সুষ্ঠু, স্বচ্ছ এবং নির্ভরযোগ্য ব্যবস্থার অধিকার রয়েছে।’

শিক্ষার্থীদের পরিশ্রমের মূল্যায়ন এবং অপরাধীদের চিহ্নিতকরণের উপর জোর দিয়ে জিৎ আরও জানান, এই ঘটনার সঙ্গে যুক্ত ব্যক্তিদের দ্রুত শাস্তি দেওয়া উচিত, যাতে ভবিষ্যতে কেউ এমন কাণ্ড করার সাহস না পান। তবে বক্তব্যের শেষে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বার্তা দিয়ে তিনি উল্লেখ করেন, শিক্ষার্থীরা তাঁদের কঠিন পরিশ্রমের সঠিক মূল্যায়ন এবং ন্যায়বিচার পাওয়ার যোগ্য। তবে এই আন্দোলন যেন কোনো রাজনৈতিক কার্যসিদ্ধি বা ফায়দা তোলার মাধ্যম না হয়ে ওঠে।

উল্লেখ্য, ব্যক্তিগত ও সামাজিক বিভিন্ন বিষয়ে মত প্রকাশের পাশাপাশি নিজের সিনেমা নিয়েও চর্চায় রয়েছেন এই তারকা। চলতি বছর স্বাধীনতা দিবসের প্রাক্কালে মুক্তি পেতে চলেছে জিৎ অভিনীত বহু প্রতীক্ষিত ছবি ‘কেউ বলে বিপ্লবী কেউ বলে ডাকাত’।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *