হাসপাতালে আন্দোলন সম্পূর্ণ নিষিদ্ধ! বর্ধমান মেডিক্যাল কলেজের এই সিদ্ধান্তে তীব্র অসন্তোষ পড়ুয়াদের
July 25, 20268:11 am
রোগীর পরিষেবা ও পড়াশোনার পরিবেশ স্বাভাবিক রাখার কারণ দেখিয়ে বর্ধমান মেডিক্যাল কলেজ ও হাসপাতাল চত্বরে সমস্ত ধরনের অবস্থান, বিক্ষোভ, ধর্না ও মিছিল নিষিদ্ধ ঘোষণা করা হলো। শুক্রবার এই সংক্রান্ত একটি নির্দেশিকা সামনে এসেছে, যেখানে কলেজের অধ্যক্ষের স্বাক্ষর রয়েছে। এই নির্দেশ লঙ্ঘন করলে কড়া শৃঙ্খলাভাঙ্গা ও আইনি পদক্ষেপ করা হবে বলে সতর্ক করা হয়েছে।
এদিকে, এই নির্দেশকে ‘প্রতিবাদের কণ্ঠস্বর রোখার চেষ্টা’ বলে তোপ দেগেছে পড়ুয়াদের মঞ্চ ‘ভয়েস অফ ডক্টর্স’। তাদের দাবি, সংবিধান প্রদত্ত মৌলিক অধিকার ও বাকস্বাধীনতার ওপর সরাসরি হস্তক্ষেপ করা হচ্ছে। দিল্লি-সহ দেশের বিভিন্ন প্রান্তে চলা আন্দোলনের রেশ এবং বর্ধমানেও তার প্রভাব আটকাতেই এই পদক্ষেপ বলে অভিযোগ উঠেছে। তবে এই বিষয়ে কলেজ কর্তৃপক্ষের তরফ থেকে এখনও পর্যন্ত কোনও আনুষ্ঠানিক মন্তব্য পাওয়া যায়নি।