দীর্ঘ ১১ বছরের আইনি লড়াইয়ের অবসান, কয়লা কেলেঙ্কারিতে প্রয়াত প্রধানমন্ত্রী মনমোহন সিংকে সম্পূর্ণ ক্লিনচিট সুপ্রিম কোর্টের

সেটা ২০১২-য় দ্বিতীয় ইউপিএ জমানার শেষ দিক। প্রধানমন্ত্রীর কুর্সিতে মনমোহন সিং। ওডিশার তালাবিরা-২ কোল ব্লক বরাদ্দকে কেন্দ্র করে প্রকাশ্যে আসে তথাকথিত ‘কোল স্ক্যাম’। অভিযোগ ওঠে, নিয়ম না মেনে বেসরকারি সংস্থাকে কয়লাখনি বরাদ্দ দেওয়া হয়েছিল। বিতর্কের জেরে একাধিক কোল ব্লকের বরাদ্দ বাতিল করা হয়। বিরোধীরা তৎকালীন ইউপিএ সরকারের বিরুদ্ধে ব্যাপক অনিয়মের অভিযোগ তোলে।
প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং এবং তাঁর সরকার তখন একাধিক অভিযোগে বিদ্ধ। সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি দূরদর্শিতার সঙ্গে বলেছিলেন, ‘সমকালীন সংবাদমাধ্যম এবং বিরোধীদের থেকেও আমার প্রতি ইতিহাস অনেক বেশি সদয় হবে।’ মনমোহনের সেই ভবিষ্যদ্বাণী যেন অক্ষরে অক্ষরে মিলে গেল। অবশেষে কয়লা ব্লক বরাদ্দ মামলায় আইনি জট কেটে ক্লিনচিট পেলেন তিনি। সিবিআইয়ের দাখিল করা ‘ক্লোজার রিপোর্ট’ গ্রহণ করে তাঁকে অভিযুক্ত হিসেবে তলব করার বিষয়ে ২০১৫-য় নিম্ন আদালতের দেওয়া নির্দেশটি খারিজ করে দিল সুপ্রিম কোর্ট।
বিশেষ আদালতের সেই নির্দেশের কয়েক সপ্তাহের মধ্যেই, ২০১৫ সালের ১ এপ্রিল সুপ্রিম কোর্ট মামলার কার্যক্রমে স্থগিতাদেশ দেয়। এরপর দীর্ঘ আইনি প্রক্রিয়া চলার পর বুধবার চূড়ান্ত রায়ে সেই সমনই বাতিল করে দিল শীর্ষ আদালত। প্রধান বিচারপতি সূর্য কান্তের নেতৃত্বাধীন বেঞ্চ বুধবার জানিয়েছে, বিশেষ আদালত সিবিআইয়ের ক্লোজার রিপোর্ট খারিজ করার মতো যথেষ্ট আইনি কারণ দেখাতে পারেনি। তাই ২০১৫ সালের ১১ মার্চের সেই নির্দেশ বাতিল করে ক্লোজার রিপোর্ট গ্রহণ করা হয়েছে এবং মামলাটি মেরিটের ভিত্তিতে বন্ধ করে দেওয়া হয়েছে।
কয়লা কেলেঙ্কারি নিয়ে রাজনৈতিক বিতর্ক থাকলেও, মনমোহন সিংয়ের ব্যক্তিগত সততা নিয়ে তাঁর সবচেয়ে বড় সমালোচকও কখনও প্রশ্ন তোলেননি। সুপ্রিম কোর্টের এই রায় তাঁর মৃত্যুর পর সেই বিতর্কের আইনি অধ্যায়ে পাকাপাকিভাবে দাঁড়ি টানল। একই সঙ্গে সুপ্রিম কোর্ট স্পষ্ট করে দিয়েছে, তদন্তকারী সংস্থার রিপোর্টের সঙ্গে নিম্ন আদালত ভিন্নমত পোষণ করতেই পারে, তবে সেই সিদ্ধান্তের পক্ষে শক্তিশালী ও গ্রহণযোগ্য আইনি ভিত্তি থাকা জরুরি। এই মামলায় সেই ভিত্তি না থাকায় সিবিআইয়ের ক্লোজার রিপোর্টই বহাল রাখা হয়েছে।
এক নজরে মামলার মূল তথ্য:
- কী ঘটেছে? তালাবিরা-২ কয়লা ব্লক বরাদ্দ মামলায় প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংকে ক্লিনচিট দিয়েছে সুপ্রিম কোর্ট।
- কবে এই রায়? বুধবার সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির বেঞ্চ এই রায় ঘোষণা করে।
- সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণ: সিবিআইয়ের দাখিল করা ক্লোজার রিপোর্ট খারিজ করার মতো যথেষ্ট আইনি কারণ বিশেষ আদালত দেখাতে পারেনি।
- কোন নির্দেশ বাতিল? ২০১৫ সালের ১১ মার্চ বিশেষ সিবিআই আদালতের সমনের নির্দেশ বাতিল করা হয়েছে।
- সিবিআইয়ের অবস্থান: তদন্তে মনমোহন সিংয়ের বিরুদ্ধে ফৌজদারি মামলা চালানোর মতো কোনও প্রমাণ পায়নি সিবিআই, তাই ক্লোজার রিপোর্ট জমা দেওয়া হয়।
- রায়ের তাৎপর্য: ১১ বছর ধরে চলা আইনি লড়াই এবং ইউপিএ আমলের বিতর্কিত কয়লা বরাদ্দ মামলার একটি গুরুত্বপূর্ণ অধ্যায়ের পরিসমাপ্তি।