“আমরা আলাদা, বাংলাদেশের মতো নই!”— তসলিমাকে কড়া জবাব সিজেপি প্রধান অভিজিৎ দীপকের

রাজধানীর যন্তর মন্তরে ককরোচ জনতা পার্টি (CJP)-র সাম্প্রতিক আন্দোলনকে কেন্দ্র করে বিতর্ক চরমে পৌঁছেছে। বাংলাদেশে ঘটে যাওয়া সাম্প্রতিক ছাত্র আন্দোলনের সঙ্গে দিল্লি আন্দোলনের তুলনা টেনেছিলেন নির্বাসিত বাংলাদেশি লেখিকা তসলিমা নাসরিন। তাঁর এই বক্তব্যকে সম্পূর্ণ প্রত্যাখ্যান করে কড়া প্রতিক্রিয়া দিয়েছেন সিজেপি প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে। তসলিমার বক্তব্যের জবাবে দীপকে স্পষ্ট জানিয়ে দিয়েছেন, “আমরা সম্পূর্ণ আলাদা। আমাদের এই আন্দোলন সম্পূর্ণ সাংবিধানিক এবং শান্তিপূর্ণ।”
অভিজিৎ দীপকে অভিযোগ করেন, সিজেপি-র আন্দোলনকে বদনাম করার জন্য একটি পরিকল্পিত ষড়যন্ত্র রচনা করা হয়েছে। তিনি বলেন, “বাইরে থেকে দুষ্কৃতী পাঠিয়ে আন্দোলনকে কালিমালিপ্ত করার চেষ্টা চলছে। পুলিশি নজরদারি থাকা সত্ত্বেও যন্তর মন্তরে কীভাবে বহিরাগত অপরাধীরা প্রবেশ করল, তা নিয়ে প্রশ্ন উঠছে। দিল্লি পুলিশ ও দুষ্কৃতীরা মিলে আন্দোলন ভেস্তে দেওয়ার চক্রান্ত করছিল।”
তসলিমা নাসরিনের বক্তব্য ও বিতর্ক: সম্প্রতি তসলিমা নাসরিন মন্তব্য করেছিলেন যে, সিজেপি-র এই আন্দোলন তাঁর পছন্দ হয়নি এবং এতে তিনি বাংলাদেশের ঘটনার প্রতিচ্ছবি দেখতে পাচ্ছেন। তাঁর মতে, বাংলাদেশে সাধারণ ছাত্রদের আবেগকে কাজে লাগিয়ে নেপথ্যে থেকে সরকার পতন ঘটিয়েছিল ‘জিহাদি’ শক্তি। ঠিক একই ধরনের পরিস্থিতি দিল্লিতেও সৃষ্টি হতে পারে বলে তিনি আশঙ্কার কথা জানান।
দীপকের ভবিষ্যৎ বার্তা ও দাবি: তসলিমার এই মন্তব্যের পরই পাল্টা মুখ খোলেন অভিজিৎ দীপকে। তিনি জানান, সিজেপি কোনো অপশক্তির দ্বারা পরিচালিত নয়, বরং সারা দেশের প্রতিবাদী ছাত্রদের একত্রিত করাই এখন তাঁদের মূল লক্ষ্য। নিট (NEET) পরীক্ষা কেলেঙ্কারির কারণে আত্মহত্যা করা পরীক্ষার্থীদের পরিবারকে ১ কোটি টাকা করে ক্ষতিপূরণ দেওয়ার যে দাবি তাঁরা তুলেছিলেন, সেই দাবিতেও সিজেপি অনড় রয়েছে বলে তিনি স্পষ্ট করেন।
পাশাপাশি, গ্রেফতারকৃত শিক্ষার্থীদের অবিলম্বে মুক্তির দাবিতে আন্দোলন আরও জোরদার করার হুঁশিয়ারি দিয়েছে ককরোচ জনতা পার্টি।