হাইকোর্টে বড় ধাক্কা অভিষেক-সহায়কের: শালবনি জমি মামলায় জামিন খারিজ, ডেবরায় স্বস্তি!

পশ্চিম মেদিনীপুরের শালবনিতে জমি প্রতারণা মামলায় আইনি লড়াইয়ে বড়সড় ধাক্কা খেলেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্তসহায়ক (PA) সুমিত রায়। কলকাতা হাইকোর্ট এই মামলায় তাঁর আগাম জামিনের আবেদন খারিজ করে দিয়েছে। তবে ডেবরায় চাকরি প্রতারণা সংক্রান্ত অন্য একটি মামলায় হাইকোর্ট তাঁর আগাম জামিন মঞ্জুর করায় সামান্য স্বস্তি পেয়েছেন তিনি।
হাইকোর্টের নির্দেশ ও মামলার প্রেক্ষাপট মামলার শুনানিতে বিচারপতি তীর্থঙ্কর ঘোষ শালবনির জমি প্রতারণা সংক্রান্ত বিষয়ে সুমিত রায়কে আগামী ১০ দিনের মধ্যে তদন্তকারী সংস্থার সঙ্গে সম্পূর্ণ সহযোগিতা করার নির্দেশ দিয়েছেন।
এর আগে মেদিনীপুর আদালত এই মামলায় সুমিতের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছিল। এমনকি শালবনি থানার পুলিশ তাঁর খোঁজে কালীঘাটে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাসভবনেও তল্লাশি অভিযান চালায়। সেখানে তাঁকে না পাওয়ায় দীর্ঘ এক মাসেরও বেশি সময় ধরে তিনি আত্মগোপন করেছিলেন। পরবর্তীতে আইনি সুরক্ষার জন্য তিনি হাইকোর্টের দ্বারস্থ হন।
অভিষেকের বিদেশ যাত্রা নিয়ে সুপ্রিম নির্দেষ এদিকে, চোখের চিকিৎসার জন্য বিদেশ যাওয়ার অনুমতি চেয়ে তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের করা আবেদনের শুনানিও হয়েছে। কলকাতা হাইকোর্ট তাঁর বিদেশ যাওয়ার আবেদন খারিজ করে দিলে তিনি সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন। প্রধান বিচারপতি সূর্য কান্তের বেঞ্চ নির্দেশ দিয়েছে, আগামী এক সপ্তাহের মধ্যে কলকাতা হাইকোর্টকে এই মামলার পুনর্বিবেচনা করে উপযুক্ত সিদ্ধান্ত গ্রহণ করতে হবে।
সব মিলিয়ে এই দুই হাই-প্রোফাইল আইনি জটকে কেন্দ্র করে বর্তমানে রাজ্য রাজনীতিতে জোর চর্চা শুরু হয়েছে।