দেশভাগের যন্ত্রণাকে সম্মান, শিয়ালদা স্টেশনে মাথা তুলছে বিশেষ স্মারক ভাস্কর্য!

দেশভাগের যন্ত্রণাকে সম্মান, শিয়ালদা স্টেশনে মাথা তুলছে বিশেষ স্মারক ভাস্কর্য!

কলকাতা: ১৯৪৭ সালের দেশভাগের পর সব হারিয়ে শরণার্থী হিসেবে ভারতে আশ্রয় নিতে হয়েছিল লক্ষ লক্ষ মানুষকে। তৎকালীন পূর্ব পাকিস্তান থেকে আসা বহু মানুষের স্মৃতি জড়িয়ে রয়েছে ঐতিহ্যবাহী শিয়ালদা স্টেশনের সঙ্গে। এবার দেশভাগের সেই নিদারুণ যন্ত্রণার স্মৃতিতে শিয়ালদা স্টেশন প্রাঙ্গণে এক বিশেষ স্মারক ভাস্কর্য তৈরির সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় সরকার।

আগামী ৮০তম স্বাধীনতা দিবস উদযাপনের প্রস্তুতি হিসেবে ৯ থেকে ১৭ অগাস্ট পর্যন্ত দেশজুড়ে পালিত হতে চলেছে ‘হর ঘর তিরঙ্গা’ কর্মসূচি। এই উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে কেন্দ্রীয় সংস্কৃতি মন্ত্রী গজেন্দ্র সিং শেখাওয়াত জানান, স্মারকটি নির্মাণের জন্য ভারতীয় রেল ইতোমধ্যে শিয়ালদা স্টেশনে উপযুক্ত জায়গা চিহ্নিত করেছে। সংস্কৃতি মন্ত্রকের উদ্যোগে নির্মিত এই স্মারকের কাজ আগামী নভেম্বর মাসের মধ্যেই সম্পন্ন হবে বলে আশা প্রকাশ করা হয়েছে।

১৪ অগাস্ট দিনটিকে কেন্দ্র সরকার ‘দেশভাগ বিভীষিকা স্মৃতি দিবস’ হিসেবে পালন করে। ইন্দিরা গান্ধী জাতীয় মুক্তকলা কেন্দ্রের সদস্য সচিব সচ্চিদানন্দ জোশী জানান, চলতি বছরেও পাঞ্জাবের অমৃতসর এবং কলকাতার শিয়ালদায় বৃহৎ পরিসরে বিশেষ কর্মসূচি গ্রহণ করা হয়েছে।

প্রস্তাবিত স্মারকটির রূপ কেমন হবে, সে প্রসঙ্গে জোশী জানান, এটি একটি বিমূর্ত ভাস্কর্য (Abstract Sculpture) হতে চলেছে। দেশভাগের ফলে লক্ষ লক্ষ মানুষকে যে অমানুষিক যন্ত্রণা ও রক্তপাতের মধ্য দিয়ে যেতে হয়েছিল, এই ভাস্কর্যে মূলত সেই ব্যথাই ফুটিয়ে তোলা হবে। একই সঙ্গে এটি তৎকালীন পূর্ব পাকিস্তান থেকে সব হারিয়ে চলে আসা বাস্তুচ্যুত মানুষের প্রতি শ্রদ্ধা নিবেদন করবে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *