স্কুলে কি ফের ফিরছে পাশ-ফেল প্রথা? বিশেষজ্ঞ কমিটি গড়ার পথে রাজ্য সরকার

স্কুলে কি ফের ফিরছে পাশ-ফেল প্রথা? বিশেষজ্ঞ কমিটি গড়ার পথে রাজ্য সরকার

নিজস্ব প্রতিনিধি: রাজ্যজুড়ে স্কুল শিক্ষায় কি আবার ফিরতে চলেছে পাশ-ফেল প্রথা? এই নিয়ে এখন জোড় জল্পনা রাজ্য শিক্ষামহলে। তবে রাজ্য শিক্ষা দপ্তর সূত্রে জানানো হয়েছে, চলতি ২০২৬-২৭ শিক্ষাবর্ষে পাশ-ফেল ফেরার কোনো সম্ভাবনা নেই। তবে আগামী দিনে এই প্রথা পুনরায় চালু করা হবে কি না, তা খতিয়ে দেখতে একটি উচ্চপর্যায়ের বিশেষজ্ঞ কমিটি গঠন করছে রাজ্য সরকার।

শিক্ষা প্রতিমন্ত্রী কৌশিক চৌধুরী জানিয়েছেন, নতুন সিলেবাস কমিটি ইতিমধ্যেই গঠিত হয়েছে। পাশাপাশি আরও কয়েকটি কমিটি গঠনের কাজ চলছে, যার অন্যতম হলো এই পাশ-ফেল সংক্রান্ত পর্যালোচনা কমিটি। কমিটির জমা দেওয়া রিপোর্টের ভিত্তিতেই চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সরকার।

পটভূমি ও ‘নো-ডিটেনশন পলিসি’: উল্লেখ্য, ২০০৯ সালের কেন্দ্র সরকারের ‘শিক্ষার অধিকার আইন’ (RTE) মেনে ২০১০ সাল থেকে পশ্চিমবঙ্গে অষ্টম শ্রেণি পর্যন্ত ‘নো-ডিটেনশন পলিসি’ অর্থাৎ পাশ-ফেল প্রথা তুলে দেওয়া হয়েছিল। এর প্রধান উদ্দেশ্য ছিল—পরীক্ষায় ফেল করার ভয়, সামাজিক লজ্জা ও মানসিক চাপ দূর করে শিশুদের জন্য একটি আনন্দদায়ক শিক্ষার পরিবেশ তৈরি করা এবং স্কুলছুটের সংখ্যা শূন্যে নামিয়ে আনা। তিন ঘণ্টার একটি বার্ষিক পরীক্ষার বদলে গুরুত্ব দেওয়া হয়েছিল সারা বছর ধরে ধারাবাহিক মূল্যায়নের (CCE) ওপর।

কেন উঠছে আবার পাশ-ফেল ফেরানোর দাবি? দীর্ঘদিন ধরে শিক্ষাবিদ ও অভিভাবকদের একটি বড় অংশ অভিযোগ করে আসছেন যে, পাশ-ফেল না থাকার ফলে ছাত্র-ছাত্রীদের মধ্যে পড়াশোনার প্রতি অনীহা তৈরি হচ্ছে এবং শিক্ষার সার্বিক মান মার খাচ্ছে। এই পরিস্থিতির কথা মাথায় রেখে, ২০১৯ সালে কেন্দ্রীয় সরকার আইনি সংশোধন এনে পঞ্চম ও অষ্টম শ্রেণিতে পুনরায় পাশ-ফেল চালু করার সিদ্ধান্ত গ্রহণের দায়িত্ব রাজ্যগুলির হাতে ছেড়ে দেয়।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *