রাস্তায় ট্রাক্টর দিয়ে চাষ, পোঁতা হলো ধানের চারা! বেহাল সড়ক নিয়ে প্রতিবাদে নজির গড়ল জনতা

রাস্তায় ট্রাক্টর দিয়ে চাষ, পোঁতা হলো ধানের চারা! বেহাল সড়ক নিয়ে প্রতিবাদে নজির গড়ল জনতা

যে রাস্তা দিয়ে প্রতিদিন হাজার হাজার গাড়ির চাকা ঘোরার কথা, সেই পিচের রাস্তাতেই যদি ধান চাষ শুরু হয়ে যায়—তবে অবাক হওয়ারই কথা! এমনই এক অভূতপূর্ব ও নজরকাড়া দৃশ্য দেখা গেল বিহারের ভাগলপুরের পীরপৈন্তি ব্লকের কীর্তনিয়া পঞ্চায়েতে। দীর্ঘদিন ধরে জরাজীর্ণ রাস্তার কোনো মেরামত না হওয়ায়, ঘুমন্ত প্রশাসনের টনক নড়াতে রাস্তার মাঝখানেই ট্রাক্টর দিয়ে চাষ করে ধানের চারা রোপণ করলেন স্থানীয় বাসিন্দারা।

২ বছর ধরে চরম দুর্ভোগ

কীর্তনিয়া-পাকড়িয়া প্রধান সড়কটি সরাসরি ৮০ নম্বর জাতীয় সড়কের (NH-80) সাথে যুক্ত। ফলে এলাকাটির যাতায়াতের জন্য এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি পথ। কিন্তু অভিযোগ, গত দুই বছর ধরে সংস্কারের অভাবে রাস্তাটি চলাচলের অযোগ্য হয়ে পড়েছে। বড় বড় গর্ত আর জমা জলের কারণে নিত্যদিনই ঘটছে দুর্ঘটনা। বিশেষ করে বর্ষার সময়ে স্কুলপড়ুয়া, প্রবীণ নাগরিক ও মুমূর্ষু রোগীদের যাতায়াত করা আসাম্ভব হয়ে ওঠে।

মিথ্যে আশ্বাসে ধৈর্যচ্যুত জনতা

স্থানীয় সমাজকর্মী বামবাম সিং জানান, রাস্তাটি দ্রুত নির্মাণের জন্য প্রশাসন ও সংশ্লিষ্ট বিভাগের দরজায় বহুবার কড়া নাড়া হয়েছে। কিন্তু মেলেনি কোনো স্থায়ী সমাধান, জুটেছে কেবলই ‘মিথ্যে আশ্বাস’। লাগাতার উদাসীনতায় অতিষ্ঠ হয়েই শেষমেশ চরম পথ বেছে নেন গ্রামবাসী সুলোচনা দেবী, সুনীল কুমার, প্রমিলা দেবীরা। শনিবার তাঁরা একজোট হয়ে কাদা ভরা রাস্তায় রীতিমতো সার ছিটিয়ে ধানের চারা রোপণ করে প্রতিবাদ জানান।

বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি

গ্রামবাসীদের স্পষ্ট দাবি—অবিলম্বে যদি রাস্তা তৈরির কাজ শুরু না করা হয়, তবে এই অভিনব প্রতিবাদ আগামীতে আরও বড় রূপ নেবে। বেহাল পরিকাঠামো এবং প্রশাসনিক অবহেলার বিরুদ্ধে সাধারণ মানুষের এই প্রতিবাদের ছবি ও ভিডিও এখন নেটপাড়ায় বিপুল চর্চার কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *