আবাস যোজনার ছবি তুলতে গিয়ে ভয়ংকর কাণ্ড! গৃহবধূকে ধর্ষণের চেষ্টার অভিযোগে গ্রেপ্তার পঞ্চায়েত কর্মী

বসিরহাট: প্রধানমন্ত্রী বা রাজ্য সরকারের আবাসন প্রকল্পের ঘরের ছবি তুলতে এবং তথ্য যাচাই করতে গিয়ে এক গৃহবধূকে শ্লীলতাহানি ও ধর্ষণের চেষ্টার অভিযোগ উঠল পঞ্চায়েতের এক অস্থায়ী কর্মীর বিরুদ্ধে। চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে বসিরহাটের হিঙ্গলগঞ্জ থানা এলাকায়। অভিযুক্ত ওই কর্মীর নাম হাজিকুর রহমান, যিনি এলাকায় জিআরএস (GRS) হিসেবে কর্মরত। অভিযোগ পাওয়ার পরপরই দ্রুত পদক্ষেপ নিয়ে পুলিশ তাকে গ্রেপ্তার করেছে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গিয়েছে, সম্প্রতি হিঙ্গলগঞ্জের একটি পঞ্চায়েত এলাকায় আবাসের ঘর সংক্রান্ত তথ্য মেলাতে এবং ছবি তুলতে গিয়েছিলেন হাজিকুর। সেখানে একটি বাড়িতে ঢুকে তিনি দেখেন গৃহবধূ একা রয়েছেন। অভিযোগ, ফাঁকা বাড়ির সুযোগ নিয়ে তিনি জোরপূর্বক ঘরে ঢুকে ওই মহিলাকে ধর্ষণের চেষ্টা করেন। বিপদের আঁচ পেয়েই চিৎকার শুরু করেন নির্যাতিতা। মহিলার আর্তনাদ শুনে স্থানীয় প্রতিবেশীরা ছুটে আসলে চতুরতার সাথে এলাকা ছেড়ে চম্পট দেয় অভিযুক্ত যুবক।
ঘটনার পর পরেই ভুক্তভোগী মহিলা ও তাঁর পরিবারের সদস্যরা হিঙ্গলগঞ্জ থানায় গিয়ে লিখিত অভিযোগ দায়ের করেন। লিখিত অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমে পুলিশ দ্রুত গ্রেপ্তার করে অভিযুক্ত হাজিকুর রহমানকে।
স্থানীয় বাসিন্দাদের দাবি, কেবল এই একটি ঘটনাই নয়, ওই কর্মীর বিরুদ্ধে এলাকায় অর্থ প্রতারণা এবং প্রভাব খাটিয়ে ভয় দেখানোরও একাধিক অভিযোগ রয়েছে। তবে নিজের বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন হাজিকুর। তাঁর পাল্টা দাবি, “রাজনৈতিক চক্রান্ত করে আমাকে মিথ্যা মামলায় ফাঁসানো হচ্ছে।” পুলিশ ইতিমধ্যেই গোটা ঘটনার বিস্তারিত তদন্ত শুরু করেছে।