বেনারসিতে এ কেমন আধুনিক রূপ! শচীনকন্যার এই সাহসী সাজ দেখে কি চোখ কপালে উঠবে আপনার?

ক্রপ টপ বা জিন্সের সঙ্গে শাড়ি পরার চল বহুদিনের। তবে সমুদ্রসৈকতে ব্যবহৃত করসেটের সঙ্গে ঐতিহ্যবাহী বেনারসি মিলিয়ে পরে ফ্যাশন দুনিয়ায় রীতিমতো শোরগোল ফেলে দিয়েছেন শচীন তেন্ডুলকরকন্যা সারা তেন্ডুলকর। হালকা সবুজ রঙের সরু পাড়ের রুপোলি জড়ি ও লাল সুতোর কাজের বেনারসির সঙ্গে তিনি বেছে নিয়েছেন অফ-হোয়াইট রঙের পিওর স্যাটিন এবং অর্গ্যানজা সিল্কের তৈরি সুইটহার্ট নেকলাইনের বডি ফিট করসেট। তাঁর এই অভিনব ও ব্যতিক্রমী সাজ নজর কেড়েছে ফ্যাশনিয়েস্তাদের।
ঐতিহ্যবাহী শাড়ির সঙ্গে ব্লাউজ ও মানানসই গয়নার চিরাচরিত ধারণা ভেঙে নতুন লুকে ধরা দিয়ে নেটপাড়ায় ব্যাপক প্রশংসিত হচ্ছেন সারা। গলার হিরের নেকলেস এবং হাতের ম্যাচিং কাফ ব্রেসলেটের সঙ্গে হালকা মেকআপ ও অবিন্যস্ত চুলে তাঁকে অনবদ্য দেখাচ্ছিল। যদিও এই ভিন্নধর্মী সাজ নিয়ে মিশ্র প্রতিক্রিয়াও রয়েছে। আঁচলহীন এই আধুনিক পোশাক পরার ধরন দেখে সমালোচকদের একাংশ নানা প্রশ্ন তুললেও, তরুণ প্রজন্মের ফ্যাশন সচেতনদের কাছে এটি ইতিমধ্যে এক নতুন ট্রেন্ড হিসেবে সমাদৃত হয়েছে।