শিক্ষকদের জন্য বাম্পার খবর: অবসরের বয়স বেড়ে ৬৫? সঙ্গে মিলবে একগুচ্ছ বড় সুবিধা!

দেশের কেন্দ্রীয় ও সরকারি স্কুলের শিক্ষক-শিক্ষিকাদের জন্য এক বড় সুখবর আসতে চলেছে। দীর্ঘদিনের দাবি মেনে শিক্ষকদের অবসরের বয়সসীমা বর্তমানের ৬০ বছর থেকে বাড়িয়ে সরাসরি ৬৫ বছর করার জন্য সরকারের কাছে একটি নতুন প্রস্তাব জমা পড়েছে। শুধু অবসরের বয়স বৃদ্ধিই নয়, ছুটির নিয়ম শিথিল করা থেকে শুরু করে একগুচ্ছ নতুন সুযোগ-সুবিধা প্রদানের সুপারিশ করা হয়েছে। এই নিয়ম কার্যকর হলে দেশজুড়ে লক্ষাধিক শিক্ষক লাভবান হবেন।
৮ম বেতন কমিশনে শিক্ষক প্রতিনিধি দলের গুরুত্বপূর্ণ দাবি:
সম্প্রতি নয়াদিল্লিতে ‘অল ইন্ডিয়া এনপিএস এমপ্লয়িজ ফেডারেশন’-এর অধীনস্থ শিক্ষক প্রতিনিধি দল অষ্টম বেতন কমিশনের কাছে একটি উচ্চপর্যায়ের বৈঠকে বেশ কিছু গুরুত্বপূর্ণ দাবি তুলে ধরেছে।
শিক্ষকদের প্রধান দাবিগুলি এক নজরে:
- অবসরের বয়স বৃদ্ধি: কেন্দ্রীয় সরকারি শিক্ষকদের অবসরের বয়স ৬০ থেকে বাড়িয়ে ৬৫ বছর করার প্রস্তাব দেওয়া হয়েছে।
- পুরোনো পেনশন স্কিম (OPS) ফেরানো: ২০০৪ সালের পর চাকরিতে যোগ দেওয়া শিক্ষকদের জন্য NPS বা UPS-এর পরিবর্তে আগের পুরোনো পেনশন স্কিম (OPS) চালুর জোরালো দাবি জানানো হয়েছে।
- সারাদেশে অভিন্ন বেতন কাঠামো: রাজ্য বা কেন্দ্রশাসিত অঞ্চলভেদে ভিন্নতা না রেখে, জীবনযাত্রার মান অনুযায়ী দিল্লি, বিহার কিংবা আন্দামান—সব জায়গার শিক্ষকদের জন্য অভিন্ন বেতন স্কেল ও ভাতার দাবি তোলা হয়েছে।
- পদোন্নতি ও নতুন পদ তৈরি: শিক্ষকদের পদোন্নতির সুযোগ বাড়াতে ৫০% অধ্যক্ষ পদ বিভাগীয় পদোন্নতির মাধ্যমে পূরণের কথা বলা হয়েছে। পাশাপাশি ‘বিষয় প্রধান’ (Subject Head) নামে নতুন পদ তৈরি করে গ্রেড পে ৫,৪০০ টাকা এবং উপাধ্যক্ষের গ্রেড পে ৬,৬০০ টাকা করার সুপারিশ করা হয়েছে।
- ক্যাশলেস চিকিৎসা ও শিশু পরিচর্যা ছুটি: কর্মরত অবস্থাতেই সব শিক্ষকের জন্য ক্যাশলেস স্বাস্থ্য পরিষেবা এবং একক অভিভাবকত্ব বা পরিবারের একমাত্র কর্মক্ষম পুরুষ সদস্যদের জন্যও চাইল্ড কেয়ার লিভ (CCL)-এর সুবিধা দাবি করা হয়েছে।
অষ্টম বেতন কমিশনের কাছে পেশ করা এই ঐতিহাসিক প্রস্তাবগুলি নিয়ে বর্তমানে প্রশাসনিক মহলে ব্যাপক চর্চা শুরু হয়েছে। এখন দেখার, সরকার এই সুপারিশগুলির কতখানি বাস্তবায়ন করে।