চাকরিপ্রার্থীদের জন্য বিরাট খবর: ১২.৬৫ লাখ প্রার্থীর ঝুলে থাকা ফল দ্রুত প্রকাশের নির্দেশ রাজ্যের!

চাকরিপ্রার্থীদের জন্য বিরাট খবর: ১২.৬৫ লাখ প্রার্থীর ঝুলে থাকা ফল দ্রুত প্রকাশের নির্দেশ রাজ্যের!

কলকাতা: রাজ্য সরকারি চাকরিতে নিয়োগ প্রক্রিয়াকে আরও দ্রুত, স্বচ্ছ এবং সময়োপযোগী করতে প্রশাসনিক ক্ষেত্রে বড়সড় সংস্কারের সিদ্ধান্ত নিল পশ্চিমবঙ্গ সরকার। মঙ্গলবার বিভিন্ন নিয়োগকারী সংস্থার সঙ্গে এক বিশেষ বৈঠকের পর পাবলিক সার্ভিস কমিশন (PSC)-কে কেন্দ্র করে একাধিক গুরুত্বপূর্ণ পরিবর্তন আনার ঘোষণা করা হয়েছে।

এখন থেকে মিউনিসিপ্যাল সার্ভিস কমিশন (MSC) এবং কো-অপারেটিভ সার্ভিস কমিশনের অধীনস্থ সমস্ত নিয়োগের দায়িত্বও চলে আসবে পিএসসি-র অধীনে। গত ৩০ জুলাই মুখ্যমন্ত্রীর সভাপতিত্বে হওয়া পর্যালোচনা বৈঠকে আটকে থাকা পরীক্ষা ও রেজাল্ট সংক্রান্ত যেসব নির্দেশ দেওয়া হয়েছিল, তারই বাস্তবায়নে এই নয়া রূপরেখা তৈরি করা হয়েছে।

কোন পদে কত নিয়োগ?

সরকারি বিজ্ঞপ্তি অনুযায়ী, বর্তমানে রাজ্যের ৫৪টি সরকারি দপ্তরের তরফ থেকে মোট ১৭,৭১৪টি পদে নিয়োগের অনুমোদন রয়েছে পিএসসি-র কাছে:

  • গ্রুপ ‘এ’: WBCS (Executive), জুডিশিয়াল অফিসার, পুলিশ, অডিট অ্যান্ড অ্যাকাউন্টস, লিগ্যাল সার্ভিস এবং অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার সহ বিভিন্ন পদে ২,৪৯০টি শূন্যপদ পূরণ হবে।
  • গ্রুপ ‘বি’: সমতুল্য পদ মিলিয়ে মোট ২,৮৪৮টি শূন্যপদ রয়েছে।
  • গ্রুপ ‘সি’ / ক্ল্যারিক্যাল: সবচেয়ে বেশি, অর্থাৎ ১২,৩৭৬টি পদে নিয়োগ করা হবে।

১২.৬৫ লাখ পরীক্ষার্থীর জন্য সুখবর

বর্তমানে স্ক্রিনিং, প্রিলিমিনারি ও মেইন পরীক্ষার বিভিন্ন ধাপে আটকে থাকা প্রায় ১২.৬৫ লক্ষ পরীক্ষার্থীর অপেক্ষমাণ ফলাফল দ্রুত প্রকাশ করার ওপর জোর দিয়েছে কমিশন। এর পাশাপাশি, খুব শীঘ্রই আরও প্রায় ৮,০০৬টি নতুন পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করতে চলেছে পিএসসি। গত ১৬ মে সরকারের ঘোষিত নির্দেশিকা অনুযায়ী, যোগ্য চাকরিপ্রার্থীরা বয়সসীমার ক্ষেত্রে বিশেষ ছাড়ের সুবিধাও পাবেন।

ডিজিটালাইজেশন ও নতুন প্রযুক্তি

পুরো নিয়োগ প্রক্রিয়াকে আরও সুসংহত করতে কেন্দ্রীয় সংস্থা UPSC-র ধাঁচে সম্পূর্ণ সুরক্ষিত ডিজিটাল প্রসেসিং ও আধুনিক প্রযুক্তির সাহায্য নেওয়া হচ্ছে। উদ্দেশ্য একটাই—বাৎসরিক পরীক্ষার নির্দিষ্ট ‘ক্যালেন্ডার’ কঠোরভাবে মেনে চলা এবং দ্রুত যোগ্য প্রার্থীদের চূড়ান্ত সুপারিশপত্র পাঠানো।

OBC সংরক্ষণ সংক্রান্ত বিভ্রান্তি নিরসন

অন্যদিতে, অনগ্রসর কল্যাণ দপ্তরের ৭ অগস্টের বিজ্ঞপ্তি অনুযায়ী সংশোধিত OBC সংরক্ষণ তালিকা প্রকাশিত হলেও, তার কোনো প্রভাব নির্ধারিত পরীক্ষাগুলির ওপর পড়বে না বলে কমিশন আশ্বস্ত করেছে। পূর্বঘোষিত সময়সূচি অনুযায়ীই সমস্ত পরীক্ষা অনুষ্ঠিত হবে। OBC কোটার প্রয়োজনীয় পরিবর্তন বা সামঞ্জস্য যা করার, তা কেবল চূড়ান্ত ফলাফল প্রকাশের সময়েই যুক্ত করা হবে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *