কী লুকিয়ে আছে অভয়ার শেষ রাতের ডিনারে! সিবিআইয়ের জালে এবার কারা?

আর জি কর কাণ্ডে নতুন এসআইটি গঠনের পর তদন্তে বড় মোড় এসেছে। সেই অভিশপ্ত রাতে অভয়ার সঙ্গে ডিনার করা বন্ধুদের জিজ্ঞাসাবাদের জন্য তলব করা হচ্ছে। ঘটনার দিন উপস্থিত নার্স, হাসপাতালের কর্মী এবং নিরাপত্তারক্ষীদেরও মুখোমুখি বসানো হতে পারে। পাশাপাশি, আদালতের অনুমতি সাপেক্ষে জেলবন্দি হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষকে ফের জেরা করার প্রস্তুতি নিচ্ছে তদন্তকারী দল। আগের পলিগ্রাফ টেস্ট এবং তদন্তের বিভিন্ন দিক নিয়ে অসন্তুষ্ট নতুন আধিকারিকরা এবার মামলার সমস্ত তথ্য নতুন করে যাচাই করছেন।
নির্যাতিতার মায়ের দাবি ও আদালতের নির্দেশকে গুরুত্ব দিয়ে তদন্তের পরিধি আরও বাড়ানো হয়েছে। সম্প্রতি দিল্লি থেকে আসা সিবিআইয়ের বিশেষ প্রতিনিধি দল ঘটনাস্থল পরিদর্শন করে সিসিটিভি ফুটেজ সহ একাধিক নথিপত্র খতিয়ে দেখেছে। তদন্তকারী অফিসার পরিবর্তন হওয়ার পর থেকেই তৎপরতা দ্বিগুণ হয়েছে। ঘটনার সঙ্গে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে যুক্ত প্রত্যেককে জিজ্ঞাসাবাদ করে সত্যের আরও গভীরে পৌঁছাতে চাইছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।