পুজো কাটলেই পুরভোটের বাদ্যি? ডিসেম্বরেই নির্বাচনের বড় ইঙ্গিত অগ্নিমিত্রার!

পুজো কাটলেই পুরভোটের বাদ্যি? ডিসেম্বরেই নির্বাচনের বড় ইঙ্গিত অগ্নিমিত্রার!

বাঁকুড়া: রাজ্যজুড়ে থমকে থাকা উন্নয়নমূলক কাজ ত্বরান্বিত করতে এবং নাগরিক পরিষেবা স্বাভাবিক রাখতে আগামী ডিসেম্বর মাসেই রাজ্যে পুরসভা নির্বাচন হতে পারে। মঙ্গলবার বাঁকুড়ায় আয়োজিত একটি প্রশাসনিক সভায় যোগ দিতে এসে তেমনই ইঙ্গিত দিলেন রাজ্যের পুর ও নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল। বাঁকুড়া জেলা পরিষদ অডিটোরিয়ামে আয়োজিত এই বৈঠকে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীও।

প্রসঙ্গত, রাজ্যে সরকার বদলের পর একাধিক পুরসভার পুরপ্রধান পদত্যাগ করায় বোর্ড ভেঙে যায়। বাঁকুড়া জেলার তিনটি পুরসভা সহ রাজ্যের বহু জায়গায় বর্তমানে নির্বাচিত প্রতিনিধি ছাড়াই ‘প্রশাসক’ বসিয়ে পুর পরিষেবা চালানো হচ্ছে। ফলে রাস্তাঘাট, নিকাশি ব্যবস্থা, পানীয় জল ও বর্জ্য ব্যবস্থাপনার মতো প্রাথমিক নাগরিক পরিষেবা মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে বলে এ দিন মন্ত্রীর কাছে অভিযোগ জানান স্থানীয় বাসিন্দারা।

বাসিন্দাদের অভিযোগ শুনে মন্ত্রী আশ্বাস দেন, নাগরিক দেওয়াই নতুন সরকারের প্রধান অগ্রাধিকার। বিগত ৩৪ বছরের বাম শাসন এবং পরবর্তী ১৫ বছরের প্রশাসনিক স্থবিরতার প্রসঙ্গ তুলে তিনি বলেন, “গত ১৫ বছর বা তারও আগের ৩৪ বছর—কোথায় কাজ হয়েছে? এখন প্রতিটি দপ্তরকে নতুন করে গড়ে তুলতে হচ্ছে।”

মানুষ যাতে দ্রুত পরিষেবা পান, তা তিনি নিজে তদারকি করছেন জানিয়ে অগ্নিমিত্রা পাল নিশ্চিত করেন যে, ডিসেম্বর মাসেই পুরভোট করানোর পরিকল্পনা নিয়ে চিন্তাভাবনা চলছে। তাঁর এই বার্তার পর রাজ্য রাজনীতিতে জল্পনা তুঙ্গে—তবে কি পুজো মিটলেই রাজ্যে বাজতে চলেছে পুর নির্বাচনের দামামা?

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *