নিয়োগ নিয়ে ফের অনিশ্চয়তা তুঙ্গে, অন্ধকারের দিকে কি তবে ২৬ হাজার চাকরিহারা?

সুপ্রিম কোর্টের বেঁধে দেওয়া ৩১ অগস্টের মধ্যে নতুন নিয়োগ প্রক্রিয়া শেষ হওয়া নিয়ে তৈরি হয়েছে তীব্র অনিশ্চয়তা। পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের আচমকা ঘোষণায় একাদশ ও দ্বাদশ শ্রেণির শিক্ষক পদপ্রার্থীদের নথি যাচাই প্রক্রিয়া স্থগিত হয়ে যাওয়ায় এই জটিলতা আরও গভীর হয়েছে। ওবিসি তালিকা সংক্রান্ত নতুন আইনি জট এবং রাজ্য সরকারের অনগ্রসর শ্রেণি কল্যাণ দফতরের নির্দেশিকার ভিত্তিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ফলে নির্ধারিত সময়ের মধ্যে প্রক্রিয়া সম্পূর্ণ করা নিয়ে চরম সংশয়ে রয়েছে চাকরিহারা প্রায় ২৬ হাজার শিক্ষক ও শিক্ষাকর্মী।
নিয়োগ সম্পূর্ণ না হওয়া পর্যন্ত সাময়িক বেতনের মেয়াদও শেষ হতে চলেছে ৩১ অগস্ট। এমন পরিস্থিতিতে সময়সীমা বাড়াতে আদালতের দ্বারস্থ হওয়া ছাড়া বিকল্প দেখছেন না আন্দোলনকারীরা। নবম-দশমের নথি যাচাই ও একাদশ-দ্বাদশের কাউন্সেলিংয়ের কাজ প্রায় শেষ পর্যায়ে থাকলেও মিলছে না কোনো চূড়ান্ত নিয়োগপত্র। সব মিলিয়ে আইনি ও প্রশাসনিক গেরোয় আটকে থাকা এই নিয়োগ প্রক্রিয়া নিয়ে শিক্ষক ও শিক্ষাকর্মীদের উদ্বেগ দিন দিন চরমে পৌঁছাচ্ছে।