কথা রাখছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু! ভাগীরথীর ওপর নতুন ব্রিজের মুখে মুর্শিদাবাদ

রেজিনগর: প্রতিশ্রুতি রক্ষা করতে চলেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। গত জুলাই মাসে মুর্শিদাবাদ সফরে এসে তিনি রেজিনগরের নদীঘাটে ব্রিজ তৈরির কথা দিয়েছিলেন। সেই কথা অনুযায়ীই ভাগীরথী নদীর ওপর নারকেলবেড়ি ও গড়দুয়ারা ঘাটকে সংযুক্ত করে একটি নতুন ব্রিজ তৈরির কাজ দ্রুত এগোচ্ছে। এর ফলে বেলডাঙা-২ ব্লকের হাজার হাজার মানুষের নদী পারাপারের দীর্ঘদিনের দুর্ভোগ মিটবে।
রেজিনগরে আসন্ন উপনির্বাচনকে সামনে রেখে জোরকদমে ময়দানে নেমেছে বিজেপি। ‘আম জনতা উন্নয়ন পার্টি’র চেয়ারম্যান হুমায়ুন কবীরের ছেড়ে যাওয়া এই আসনে এবার প্রতিদ্বন্দ্বিতা করছেন তাঁর ছেলে গোলাম নবী আজাদ রবিন। তবে বিজেপি এই সংখ্যালঘু অধ্যুষিত আসনে জয়ী হয়ে নিজেদের জনপ্রিয়তা প্রমাণ করতে মরিয়া। স্থানীয় বাসিন্দাদের মূল দাবি মেনে ইতি মধ্যেই রাজ্য সরকার সেখানে ব্রিজ তৈরির উদ্যোগ নিয়েছে।
বহরমপুর সাংগঠনিক জেলা বিজেপির সভাপতি মলয় মহাজন জানান, মুখ্যমন্ত্রীর প্রতিশ্রুতি মতো গত মঙ্গলবার জেলাশাসকের পাঠানো একটি প্রতিনিধি দল নারকেলবেড়ি ও গড়দুয়ারা ঘাটের প্রাথমিক পরিকাঠামো খতিয়ে দেখে রিপোর্ট জমা দিয়েছে। খুব শীঘ্রই ডি-পি-আর (DPR) অনুমোদন পেলেই ব্রিজ তৈরির কাজ শুরু হবে। ব্রিজ ছাড়াও এলাকায় কলেজ, হাসপাতাল এবং শিল্পতালুকের প্রতিশ্রুতি দিয়েছেন মুখ্যমন্ত্রী।
অন্যদিকে, বেলডাঙা-২ পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষের পদ থেকে হুমায়ুন-পুত্র গোলাম নবী আজাদের অপসারণ নিয়ে বিতর্ক শুরু হয়েছে। মলয় মহাজনের দাবি, নির্বাচনের আগে অপসারিত হওয়ায় এর স্পষ্ট কারণ প্রকাশ্যে আনা উচিত। পাশাপাশি, তৃণমূল থেকে জয়ী হয়ে যারা হুমায়ুন কবীরের দলে যোগ দিয়েছেন, তাঁদেরও পদত্যাগ করা উচিত বলে মন্তব্য করেন তিনি।