বাড়িতে বসেই সারুন এলপিজি ই-কেওয়াইসি! দেরি করলেই কি বাড়বে খরচ?

বাড়িতে রান্নার গ্যাস সংযোগ রয়েছে? আগামী ১৬ অগস্টের মধ্যে এলপিজি ই-কেওয়াইসি (LPG eKYC) সম্পন্ন করা বাধ্যতামূলক বলে জানিয়েছে রাষ্ট্রায়ত্ত তেল সংস্থাগুলি। নির্দিষ্ট সময়ের মধ্যে এই প্রক্রিয়া সম্পন্ন না করলে গ্রাহকদের অতিরিক্ত মূল্য দিয়ে রান্নার গ্যাস কিনতে হতে পারে বা নানাবিধ সমস্যায় পড়তে হতে পারে। তবে যাঁদের ই-কেওয়াইসি ইতিমধ্যেই সম্পূর্ণ হয়ে গিয়েছে, তাঁদের নতুন করে এই প্রক্রিয়া করার কোনো প্রয়োজন নেই। তাই সবার আগে নিজের গ্যাস সংযোগের বর্তমান স্ট্যাটাস যাচাই করে নেওয়া অত্যন্ত জরুরি।
ঘরে বসেই খুব সহজে মোবাইল অ্যাপের মাধ্যমে এই কাজ করা সম্ভব। এর জন্য সংশ্লিষ্ট গ্যাস সংস্থার অফিশিয়াল অ্যাপ যেমন ইন্ডিয়ান অয়েল ওয়ান, হ্যালো বিপিসিএল বা এইচপি পে এবং আধার ফেস আরডি অ্যাপ ডাউনলোড করতে হবে। এরপর রেজিস্টার্ড মোবাইল নম্বর দিয়ে লগইন করে ফেসিয়াল অথেন্টিকেশনের মাধ্যমে ঘরে বসেই বায়োমেট্রিক ই-কেওয়াইসি সম্পন্ন করা যাবে। অনলাইনে কোনো কারণে সমস্যা দেখা দিলে সরাসরি স্থানীয় ডিস্ট্রিবিউটর অফিসে গিয়েও এই কাজ সেরে নেওয়া সম্ভব।