সব রাজ্যকে পেছনে ফেলে দেশের সেরা! প্রযুক্তি ব্যবহারে চমকপ্রদ বাজিমাত ত্রিপুরা পুলিশের
জাতীয় স্তরে এক অনন্য সাফল্য অর্জন করেছে ত্রিপুরা পুলিশ। দেশের সমস্ত রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলকে পেছনে ফেলে ‘NATGRID’ (ন্যাশনাল ইন্টেলিজেন্স গ্রিড) সলিউশন ব্যবহারের নিরিখে প্রথম স্থান অধিকার করেছে রাজ্য পুলিশ। ২০২৬ সালের জুন মাসের কাজের পারফরম্যান্সের ভিত্তিতে এই জাতীয় র্যাঙ্কিং প্রকাশ করা হয়। প্রযুক্তি-নির্ভর এবং গোয়েন্দা-ভিত্তিক আধুনিক পুলিশি ব্যবস্থা গড়ে তুলতে ত্রিপুরা পুলিশের নিরবচ্ছিন্ন প্রচেষ্টা ও দক্ষতারই বড় প্রমাণ এই সম্মানজনক স্বীকৃতি।
উল্লেখ্য, ‘NATGRID’ একটি অত্যাধুনিক প্রযুক্তিভিত্তিক প্ল্যাটফর্ম, যার মাধ্যমে বিভিন্ন ডেটাবেস থেকে সুরক্ষিতভাবে প্রয়োজনীয় তথ্য বিশ্লেষণ করে অপরাধী সনাক্তকরণ এবং তদন্তের গতি বাড়ানো সম্ভব হয়। পুলিশের দক্ষ নেতৃত্ব ও কর্মীদের আধুনিক প্রযুক্তির সফল প্রয়োগের ফলেই এই মাইলফলক অর্জিত হয়েছে। ভবিষ্যতে অপরাধ দমন, গোয়েন্দা তথ্য সংগ্রহ এবং সাধারণ মানুষের নিরাপত্তা আরও সুনিশ্চিত করতে এই প্রযুক্তিগত সমাধানগুলির ব্যবহার বাড়াতে ত্রিপুরা পুলিশ সম্পূর্ণ প্রতিশ্রুতিবদ্ধ।