বিধবা ভাতা পেলেও কি মিলবে অন্নপূর্ণা ভাণ্ডারের ৩ হাজার টাকা? জানুন বড় আপডেট!

রাজ্যে নতুন সরকার গঠিত হওয়ার পর চালু হওয়া ‘অন্নপূর্ণা ভাণ্ডার যোজনা’ নিয়ে সাধারণ মানুষের মধ্যে আগ্রহ তুঙ্গে। গত ১ জুন থেকে শুরু হওয়া এই প্রকল্পে ২৫ থেকে ৬০ বছর বয়সি রাজ্যের যোগ্য মহিলারা প্রতি মাসে ৩ হাজার টাকা করে আর্থিক সহায়তা পাচ্ছেন। সরাসরি ব্যাঙ্ক অ্যাকাউন্টে ডিবিটি (DBT) মারফত এই টাকা পাঠানো হচ্ছে। তবে এই প্রকল্পের সুবিধা পাওয়ার যোগ্যতা এবং অন্যান্য সামাজিক সুরক্ষা প্রকল্পের সঙ্গে এর সংঘাত নিয়ে বেশ কিছু প্রশ্ন তৈরি হয়েছিল সাধারণ নাগরিকদের মনে।
বিশেষ করে জল্পনা শুরু হয়েছিল, মহিলারা যদি আগে থেকেই বিধবা ভাতা বা অন্য কোনো সরকারি পেনশন পেয়ে থাকেন, তবে কি তারা এই প্রকল্পের সম্পূর্ণ ৩ হাজার টাকা পাবেন? এই বিষয়ে সমস্ত ধোঁয়াশা কাটিয়ে সরকারের পক্ষ থেকে পরিষ্কার জানিয়ে দেওয়া হয়েছে যে, ২৫ থেকে ৬০ বছর বয়সি যেসব মহিলা অন্য কোনো প্রকল্পে ৩ হাজার টাকার কম অর্থ পান, তাদের অন্নপূর্ণা ভাণ্ডার যোজনার মাধ্যমে পুরো ৩ হাজার টাকাই প্রদান করা হবে। ১০ হাজার টাকার কম মাসিক আয় এবং পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হওয়া সাপেক্ষে এই নিয়ম কার্যকর করা হয়েছে।