ডেটিংয়ের আড়ালে জামতারা গ্যাং! পার্ক স্ট্রিটের বিলাসবহুল হোটেলে পুলিশি রেড, গ্রেপ্তার ১১

কলকাতা: তিলোত্তমার প্রাণকেন্দ্র পার্ক স্ট্রিটের একটি নামী হোটেলকে আস্তানা বানিয়ে রমরমিয়ে চলছিল সাইবার প্রতারণার কারবার। তবে শেষ রক্ষা হলো না। পুলিশের তৎপরতায় ফাঁস হয়ে গেল এক বিশাল আর্থিক প্রতারণা চক্র। সরকারি প্রকল্পের সুবিধা পাইয়ে দেওয়ার প্রলোভন দেখিয়ে সাধারণ মানুষের ব্যাংক অ্যাকাউন্ট ফাঁকা করার অভিযোগে হাতেনাতে গ্রেপ্তার করা হয়েছে মোট ১১ জনকে। প্রাথমিক তদন্তে পুলিশের জোর অনুমান, ধৃতরা কুখ্যাত ‘জামতারা গ্যাং’-এর সক্রিয় সদস্য।
কীভাবে চলত এই প্রতারণার জাল? পুলিশ সূত্রের খবর, চক্রের সদস্যরা পার্ক স্ট্রিটের একটি হোটেল ঘর ভাড়া নিয়ে পুরো অপারেশন চালাচ্ছিল। মূলত ‘প্রধানমন্ত্রী আবাস যোজনা’ এবং একাধিক সরকারি বিমা প্রকল্পের সুবিধা পাইয়ে দেওয়ার লোভ দেখানো হতো সাধারণ মানুষকে। ফোন করে বা মেসেজ পাঠিয়ে সুকৌশলে সংগ্রহ করা হতো তাঁদের ব্যাংক অ্যাকাউন্টের গোপন নথি ও পিন নম্বর। এরপর চোখের নিমেষে অ্যাকাউন্ট থেকে উধাও হয়ে যেত জমানো টাকা।
পুলিশের জালে কারা? অভিযানে নেমে পুলিশ যে ১১ জনকে পাকড়াও করেছে, তাদের মধ্যে বড় অংশই ভাজ্য রাজ্যের বাসিন্দা:
- বিহারের জামুই জেলা (৮ জন): কুন্দন কুমার দাস, টিঙ্কু দাস, আশিস দাস, অজিত কুমার দাস, সৌরভ কুমার, দীপু কুমার দাস, বাদল দাস এবং অজয় কুমার দাস।
- ঝাড়খণ্ড (৩ জন): রাজেশ দাস (১), রাজেশ দাস (২) এবং ছোটু কুমার দাস।
তদন্তে পুলিশ: গ্রেপ্তার হওয়া প্রতারকদের জেরা শুরু করেছে পুলিশ। তারা ঠিক কীভাবে সাধারণ মানুষের ব্যক্তিগত তথ্য জোগাড় করত এবং কতজন ভুয়ো শিকারের কাছ থেকে মোট কত টাকা হাতিয়েছে, তার হিসাব কষা হচ্ছে। এই চক্রের পেছনে কলকাতার বা অন্য কোনো রাজ্যের বড় কোনো মাথা যুক্ত রয়েছে কিনা, তাও খতিয়ে দেখছেন তদন্তকারীরা।