যুক্তরাজ্য প্রশাসনে নতুন চমক: ব্রিটিশ প্রধানমন্ত্রীর বিশেষ উপদেষ্টা এবার বাঙালি বংশোদ্ভূত গৌতম!

যুক্তরাজ্য প্রশাসনে নতুন চমক: ব্রিটিশ প্রধানমন্ত্রীর বিশেষ উপদেষ্টা এবার বাঙালি বংশোদ্ভূত গৌতম!

যুক্তরাজ্যের রাজনীতি ও প্রশাসনে আবারও এক ভারতীয় বংশোদ্ভূতের জয়জয়কার। ব্রিটিশ প্রধানমন্ত্রীর বিশেষ উপদেষ্টা হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন বিশিষ্ট রণনীতিবিদ ও গণমাধ্যম বিশেষজ্ঞ গৌতম রঙ্গরাজন। যুক্তরাজ্যের সরকারি নীতি নির্ধারণ, প্রশাসনিক সংস্কার এবং পরিকাঠামোগত উন্নয়নে তিনি এখন থেকে মুখ্য ভূমিকা পালন করবেন। আন্তর্জাতিক মঞ্চে এক বাঙালি বংশোদ্ভূতের এই অভাবনীয় সাফল্যে উচ্ছ্বসিত প্রবাসী ভারতীয় সমাজ।

বিবিসি থেকে কাজের সূচনা ও বর্ণময় ক্যারিয়ার কেমব্রিজ বিশ্ববিদ্যালয় থেকে সঙ্গীতে স্নাতক গৌতম রঙ্গরাজন ‘এফটি বোর্ড ডিরেক্টরস প্রোগ্রাম’-এর অধীনে নন-এক্সিকিউটিভ ডিরেক্টরের ডিপ্লোমাও অর্জন করেন। তবে তাঁর বর্ণময় পেশাদার জীবনের সিংহভাগই কেটেছে ঐতিহ্যবাহী ব্রিটিশ ব্রডকাস্টিং কর্পোরেশনে (BBC)। ১৯৯৩ সালে ‘বিবিসি রেডিও ক্লাসিক্যাল মিউজিক’-এ শিক্ষানবিশ প্রযোজক হিসেবে কাজ শুরু করেছিলেন তিনি।

নিজের দক্ষতা ও যোগ্যতাবলে পরবর্তীতে তিনি রেডিও ৩-এর প্রযোজক এবং এক্সিকিউটিভ প্রযোজকের দায়িত্বে উন্নীত হন। ২০০৩ সালে সংস্থার স্ট্র্যাটেজি ম্যানেজার হওয়ার পর ২০১৩ সালে ‘স্ট্র্যাটেজি অ্যান্ড পারফরম্যান্স’-এর গ্রুপ ডিরেক্টর পদ সামলান। গণমাধ্যম ও সৃজনশীল শিল্পে দুই দশকেরও বেশি অভিজ্ঞতাসম্পন্ন গৌতম কর্পোরেট কৌশল এবং প্রশাসনিক রূপান্তরে অত্যন্ত দক্ষ হিসেবে পরিচিত।

যুক্তরাজ্য প্রশাসনে ভারতীয়দের দাপট যুক্তরাজ্যের নীতিনির্ধারণী স্তরে ভারতীয় বংশোদ্ভূতদের প্রভাব দিন দিন জোরালো হচ্ছে। গৌতম রঙ্গরাজনের আগে, বিহারে জন্মগ্রহণকারী অক্সফোর্ড ও স্ট্যানফোর্ডের প্রাক্তনী কনিষ্কা নারায়ণকে কৃত্রিম বুদ্ধিমত্তা ও অনলাইন নিরাপত্তা মন্ত্রী হিসেবে নিয়োগ করা হয়েছিল। একের পর এক মেধাবী ভারতীয় বংশোদ্ভূতের ব্রিটিশ প্রশাসনের শীর্ষ পদে এই উত্তরণ বিশ্বমঞ্চে ভারতের ভাবমূর্তিকে আরও উজ্জ্বল করে তুলছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *