চুল নিয়ে ৪৭ লাখের চোট! ভিয়েতনাম পালানোর আগেই দিল্লিতে গ্রেপ্তার বিদেশি

পূর্ব মেদিনীপুর: বিদেশে পাচারের উদ্দেশ্যে প্রায় ২০০ কেজি মানুষের চুল কিনে প্রায় ৪৭ লক্ষ টাকা বকেয়া না মিটিয়ে দেশ ছেড়ে পালানোর ছক! অবশেষে পশ্চিমবঙ্গ পুলিশ ও দিল্লি বিমানবন্দরের যৌথ তৎপরতায় দেশ ছাড়ার ঠিক শেষ মুহূর্তে গ্রেপ্তার হলেন এক ভিয়েতনামী নাগরিক। ধৃতের নাম হোয়াং ভান থাং (Hoang Van Thang)। চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে পূর্ব মেদিনীপুর জেলার ভগবানপুর থানা এলাকায়।
ঘটনার পেছনের কথা: পুলিশ ও স্থানীয় সূত্র অনুযায়ী, গত ১২ অগস্ট ভগবানপুর থানায় গৌতম মাইতি নামে এক স্থানীয় ব্যবসায়ী লিখিত অভিযোগ জানান। অভিযোগে তিনি বলেন, ভিয়েতনামের নাগরিক হোয়াং ভান থাং তাঁর কাছ থেকে প্রায় ২০০ কেজি মানুষের চুল কিনেছিলেন, যার বর্তমান বাজারমূল্য আনুমানিক ৪৭ লক্ষ টাকা। কিন্তু চুল ভিয়েতনামে পাঠিয়ে দেওয়ার পরই বকেয়া টাকা দেওয়া নিয়ে তালবাহানা শুরু করেন অভিযুক্ত। একপর্যায়ে টাকা না মিটিয়েই গোপনে দেশ ছেড়ে ভিয়েতনামে পালিয়ে যাওয়ার পরিকল্পনা করেন তিনি।
পুলিশের দ্রুত পদক্ষেপে গ্রেপ্তার: অভিযোগ পাওয়ার সাথে সাথেই ভগবানপুর থানা নির্দিষ্ট ধারায় মামলা রুজু করে তদন্তে নামে। তদন্ত চলাকালীন গোপন সূত্রে জানা যায়, অভিযুক্ত ভিয়েতনামী নাগরিক দিল্লি আন্তর্জাতিক বিমানবন্দর থেকে একটি বিদেশি বিমানে চড়ে চম্পট দেওয়ার চেষ্টা করছেন। বিষয়টি অনুধাবন করে ভগবানপুর থানার পুলিশ বিলম্ব না করে রাজ্য ও কেন্দ্রীয় সুরক্ষা সংস্থাগুলির সাথে দ্রুত যোগাযোগ করে।
দিল্লি পুলিশের এয়ারপোর্ট থানা, সিআইএসএফ (CISF), কলকাতা ও দিল্লির এফআরআরও (FRRO) এবং পশ্চিমবঙ্গ সিআইডি (CID)-র যৌথ তৎপরতায় বিমানে ওঠার ঠিক পূর্বমুহূর্তে অভিযুক্তকে আটক (অফলোড) করা হয়।
পরবর্তী আইনি পদক্ষেপ: ঘটনার পরই ভগবানপুর থানার একটি বিশেষ পুলিশ দল দিল্লিতে গিয়ে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন করে অভিযুক্তকে ট্রানজিট রিমান্ডে পূর্ব মেদিনীপুরে নিয়ে আসে। জেলা পুলিশ সূত্রে জানানো হয়েছে, ধৃত ব্যক্তি কোন আন্তর্জাতিক প্রতারক চক্রের সাথে যুক্ত কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। অভিযুক্তকে কাঁথি মহকুমা আদালতে পেশ করা হবে।