শোরুমের দেওয়াল কেটে ২০০ আইফোন চুরি! তিরুপতি থেকে ফরাক্কা হয়ে বাংলাদেশে পাচারের মুখে ধৃত ৪

অন্ধ্রপ্রদেশের তিরুপতি থেকে চুরি যাওয়া বিপুল পরিমাণ আইফোন ফরাক্কা হয়ে বাংলাদেশে পাচারের বড়সর ছক বানচাল করল পুলিশ। ফরাক্কা থানা এবং অন্ধ্রপ্রদেশ পুলিশের যৌথ অভিযানে উদ্ধার হয়েছে প্রায় ২০০টি আইফোন, যার আনুমানিক বাজারমূল্য কয়েক কোটি টাকা। ঘটনায় যুক্ত থাকার অভিযোগে পুলিশ চারজন পাচারকারীকে গ্রেপ্তার করেছে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, গত ৮ আগস্ট তিরুপতির একটি আইফোন শোরুমের দেওয়াল কেটে ভেতরে ঢুকে দেদার ফোন চুরি করে পালিয়েছিল দুষ্কৃতীরা। ঘটনার পর চুরি যাওয়া ফোনগুলির লোকেশন ট্র্যাক করা শুরু করে অন্ধ্রপ্রদেশ পুলিশ। তদন্তের মাঝে খবর মেলে, ফোনগুলি ফরাক্কার নিউ ফরাক্কা লোহাপাট্টি এলাকায় এনে রাখা হয়েছে এবং সেখান থেকেই সীমান্ত পার করে বাংলাদেশে পাচারের পরিকল্পনা রয়েছে।
সেই তথ্যের ভিত্তিতে অন্ধ্রপ্রদেশ পুলিশের একটি টিম ফরাক্কায় পৌঁছায় এবং ফরাক্কা থানার পুলিশকে সঙ্গে নিয়ে লোহাপাট্টি এলাকায় একযোগে হানা দেয়। সেখান থেকেই উদ্ধার হয় ২০০টি আইফোন।
ঘটনাস্থল থেকে যে চারজনকে গ্রেপ্তার করা হয়েছে, তারা হলো—
- মহম্মদ আসমাউল হক (ফরাক্কা ব্যারেজ আবাসন)
- নাসির উদ্দিন শেখ (রাধানগর, ঝাড়খণ্ড)
- টনিক শেখ (রাধানগর, ঝাড়খণ্ড)
- আলাম শেখ (রাধানগর, ঝাড়খণ্ড)
ধৃতদের আদালতে পেশ করে নিজেদের হেফাজতে নিয়েছে পুলিশ। একই সঙ্গে অন্ধ্রপ্রদেশ পুলিশও তাদের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদের পরিকল্পনা করছে। এই চক্রের পেছনে অন্য কোনো আন্তর্জাতিক বা বড় আন্তঃরাজ্য নেটওয়ার্ক কাজ করছে কি না, তা খতিয়ে দেখতে জোর তদন্ত চলছে। ভারত-বাংলাদেশ সীমান্ত সংলগ্ন এলাকায় এহেন কোটি টাকার ফোন উদ্ধারের ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে।