পহেলগাঁও হামলার খবর শুনেই মোদি কী বলেছিলেন? ফাঁস করলেন ডোভাল!

স্মরণাতীতকালের অন্যতম বড় জঙ্গি হামলা ছিল জম্মু ও কাশ্মীরের পহেলগাঁও হত্যাকাণ্ড। গত বছরের ২২ এপ্রিল বৈসরন উপত্যকায় ধর্ম চিহ্নিত করে ২৬ জন সাধারণ মানুষকে নির্মমভাবে হত্যা করে জঙ্গিরা। এই নৃশংস ঘটনায় গোটা দেশ স্তব্ধ হয়ে গেলেও সবচেয়ে বেশি বিচলিত হয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সেই সময় সৌদি আরব সফরে থাকা প্রধানমন্ত্রী খবর পাওয়া মাত্রই নিজের সফর সংক্ষিপ্ত করে দেশে ফিরে আসেন এবং বিমানবন্দর থেকেই জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভালের সঙ্গে জরুরি বৈঠকে বসেন।
সম্প্রতি ‘অপারেশন সিঁদুর’ নিয়ে নির্মিত এক ডকুমেন্টারিতে সেই মুহূর্তের গোপনীয়তা ফাঁস করেছেন অজিত ডোভাল। তিনি জানান, বিমানবন্দরে পৌঁছানোর পর প্রধানমন্ত্রী সবার আগে জানতে চেয়েছিলেন কারা এই হামলার নেপথ্যে রয়েছে। ডোভালের ভাষ্য অনুযায়ী, ভারতের উদারতাকে দুর্বলতা ভাবলে যে কঠোর মূল্য চোকাতে হয়, তা অপারেশন সিঁদুরের মাধ্যমে স্পষ্ট করে দেওয়া হয়েছে। উল্লেখ্য, এই হামলার পালটা জবাবে ৭ মে পাক অধিকৃত কাশ্মীর ও পাকিস্তানের বিভিন্ন জঙ্গি আস্তানা গুঁড়িয়ে দিয়েছিল ভারতীয় সেনা।