খেলার মাঠেই হঠাৎ বন্ধ ম্যাচ, জাতীয় পতাকা সামনে আসতেই অক্ষয় যা করলেন!

স্বাধীনতা দিবসের সকালে মুম্বইয়ের একটি মাঠে সহ-অভিনেতা টাইগার শ্রফের সঙ্গে ক্রিকেট খেলায় মেতেছিলেন বলিউড তারকা অক্ষয় কুমার। কিন্তু ম্যাচের মাঝেই স্বাধীনতা দিবস উপলক্ষে সেখানে আনা হয় জাতীয় পতাকা। আর তেরঙা দৃশ্যমান হতেই মুহূর্তের মধ্যে ক্রিকেট খেলা থামিয়ে দেন অক্ষয়। সকলে মিলে একত্রে জাতীয় সঙ্গীত গাওয়ার সিদ্ধান্ত নেন। তবে পতাকাদণ্ড না থাকায় একটি চেয়ারের ওপর দাঁড়িয়ে পতাকাটি উঁচু করে ধরার কথা ভাবা হয়। সেই মুহূর্তেই ঘটে সেই বিশেষ ঘটনা, যা দেখে মুগ্ধ নেটিজেনরা।
চেয়ারে ওঠার ঠিক আগের মুহূর্তেই নিজের জুতোজোড়া খুলে ফেলেন ‘খিলাড়ি’ অক্ষয়। এরপর খালি পায়ে চেয়ারে উঠে পরম শ্রদ্ধায় তেরঙা হাতে নিয়ে দাঁড়ান তিনি, পাশে ছিলেন টাইগার শ্রফ ও অন্য সঙ্গীরা। জাতীয় সঙ্গীতের সুর বাজে এবং তেরঙার প্রতি প্রদর্শন করা হয় যথাযথ সম্মান। পরবর্তীতে এই ঘটনার ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তেই অক্ষয়ের এই আচরণে ভাসছে প্রশংসার জোয়ার। বড় কোনো বক্তব্য নয়, দেশপ্রেমের আসল প্রকাশ যে ছোট ছোট শ্রদ্ধার মুহূর্তেই লুকিয়ে থাকে, বাস্তব জীবনে খালি পায়ে জাতীয় পতাকা তুলে ধরে সেটাই আরও একবার প্রমাণ করলেন অভিনেতা।