সব জল্পনায় জল, কেকেআরকে ধাক্কা দিয়ে মুম্বইতেই থাকছেন হার্দিক

মুম্বই ইন্ডিয়ান্স ছাড়া এবং কলকাতা নাইট রাইডার্সে যোগ দেওয়া নিয়ে চলা জোর চর্চার মাঝেই বড়সড় ইঙ্গিত দিল মুম্বই ফ্র্যাঞ্চাইজি। একাধিক সংবাদমাধ্যমের দাবি অনুযায়ী, কেকেআর হার্দিককে অধিনায়ক করার জন্য মুম্বই কর্তৃপক্ষের সঙ্গে বেশ কয়েক দফায় বৈঠক করলেও শেষ পর্যন্ত তা ফলপ্রসূ হয়নি। গত মরশুমের শেষ থেকেই দলের অন্দরে সম্পর্কের টানাপোড়েন ও শেষ কয়েকটি ম্যাচে তাঁর অনুপস্থিতি দলবদলের জল্পনা উসকে দিয়েছিল। এমনকি তিনটি ফ্র্যাঞ্চাইজি তাঁকে সই করাতে আগ্রহ দেখালেও নাইটদের দৌড়ে এগিয়ে থাকার খবর সামনে আসছিল।
তবে বুধবার রাতে সোশাল মিডিয়ায় মুম্বই ইন্ডিয়ান্সের একটি পোস্ট সমস্ত জল্পনার মোড় ঘুরিয়ে দিয়েছে। বল ও ব্যাট হাতে হার্দিকের ছবি প্রকাশ করে ফ্র্যাঞ্চাইজিটি লেখে ‘HP O’clock’, যার মাধ্যমে ভারতীয় তারকা অলরাউন্ডারকে কেন্দ্র করেই আগামী মরশুমের দল সাজানোর স্পষ্ট ইঙ্গিত দেওয়া হয়েছে। সমর্থকদের মতে, এটি কোনো বিদায়বার্তা নয়, বরং পাঁচবারের চ্যাম্পিয়নদের নতুন কৌশলেরই বার্তা। সব মিলিয়ে কেকেআরের স্বপ্ন আপাতত থমকে গেলেও হার্দিকের ভবিষ্যত ঘিরে জল্পনা চূড়ান্ত রূপ নিয়েছে।