আপনার প্রতিটি পদক্ষেপের ওপর নজর রাখছে আইফোন? বন্ধ করার সহজ উপায় জানুন

আইফোন ব্যবহারকারীদের গতিবিধির ওপর নজরদারি চালাচ্ছে স্বয়ং তাদের প্রিয় ডিভাইসটি। অ্যাপলের ‘সিগনিফিক্যান্ট লোকেশনস’ নামক একটি বিশেষ ফিচারের মাধ্যমে ব্যবহারকারী কখন কোথায় যাচ্ছেন, তার সমস্ত বিবরণ স্বয়ংক্রিয়ভাবে রেকর্ড হয়ে যাচ্ছে। নতুন সফ্টওয়্যার আপডেটের পর থেকে যুক্ত হওয়া এই ফিচারটিকে কেন্দ্র করে স্বাভাবিকভাবেই নানা প্রশ্ন ও বিতর্ক তৈরি হয়েছে। যদিও অ্যাপল কর্তৃপক্ষের দাবি, এই সমস্ত তথ্য সম্পূর্ণ এনক্রিপ্টেড থাকে এবং তাদের পক্ষেও তা পর্যবেক্ষণ করা সম্ভব নয়। তবুও সুরক্ষার তাগিদে এবং ব্যক্তিগত গোপনীয়তা বজায় রাখতে প্রযুক্তি বিশেষজ্ঞদের একাংশ এই ট্র্যাকিং ফিচারটি অবিলম্বে নিষ্ক্রিয় করার পরামর্শ দিচ্ছেন।
আপনার ডিভাইস থেকে এই নজরদারি বন্ধ করা অত্যন্ত সহজ। এর জন্য প্রথমে ফোনের সেটিংসে গিয়ে অ্যাপস থেকে ম্যাপসে পৌঁছাতে হবে। সেখানে লোকেশন সেটিংসের অধীনে থাকা ‘প্রিসাইস লোকেশন অ্যান্ড ভিজিটেড প্লেসেস’ অন করতে হবে। এরপর পুনরায় সেটিংসে ফিরে ‘প্রাইভেসি অ্যান্ড সিকিউরিটি’ অপশনে গিয়ে লোকেশন সার্ভিসেস চালু করে ‘সিস্টেম সার্ভিসেস’-এ প্রবেশ করতে হবে। সেখান থেকে ‘সিগনিফিক্যান্ট লোকেশনস অ্যান্ড রুটস’-এ ট্যাপ করে অ্যাপল ম্যাপের ‘ভিজিটেড প্লেসেস’ নিষ্ক্রিয় বা বন্ধ করে দিলেই আইফোনের এই ট্র্যাকিং পুরোপুরি বন্ধ হয়ে যাবে।