নেপালে হড়পা বানের তাণ্ডব, বিপাকে আরামবাগের ৬০ পর্যটক!

নেপালে ভয়াবহ হড়পা বান ও জলপ্রলয়ের জেরে চরম বিপাকে পড়েছে হুগলির আরামবাগ থেকে যাওয়া একটি পর্যটক দল। গত ২৪ আগস্ট প্রায় ৬০ জনের এই দলটি একটি বাসে করে নেপাল ভ্রমণে রওনা দেয়। বুধবার নেপালের রসুয়া জেলায় ভয়াবহ বিপর্যয়ের খবর ছড়িয়ে পড়তেই চরম উৎকণ্ঠায় দিন কাটছে আরামবাগের ষাটটি পরিবারের। বিপর্যয়স্থল থেকে প্রায় ১২০ কিলোমিটার দূরে চেতনপার্কে দলটি সুরক্ষিত থাকলেও, দুপুর থেকে পরিবারের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যাওয়ায় তীব্র আতঙ্ক ছড়ায়। পরবর্তীতে সন্ধ্যায় পর্যটকদের সঙ্গে ফোনে যোগাযোগ সম্ভব হলে তাঁরা সুস্থ আছেন বলে জানা যায়।
তবে স্বস্তি মিললেও পরিবারের লোকজনের মন থেকে উদ্বেগ কাটছে না। আত্মীয়দের নিরাপদে দ্রুত ঘরে ফিরিয়ে আনার আকুল আবেদন জানিয়েছেন পরিবারের সদস্যরা। বাসের মালিক অরূপ গুহ জানিয়েছেন, আকস্মিক এই দুর্ঘটনার খবর পাওয়ার পর থেকেই বাসটি ফিরিয়ে আনার সর্বাত্মক চেষ্টা চলছে। উল্লেখ্য, নেপালের ভয়াবহ এই জলপ্রলয়ে এখনও পর্যন্ত বহু মানুষের প্রাণহানির আশঙ্কা করা হচ্ছে এবং উদ্ধারকাজে নেমেছে সেনা ও বায়ুসেনা।