হাইকোর্টের নির্দেশ অমান্য! প্রাক্তন মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে কঠোর পদক্ষেপের নির্দেশ মুখ্যমন্ত্রীর!

তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসের সভাকে কেন্দ্র করে রাজ্য রাজনীতিতে চরম উত্তেজনা সৃষ্টি হয়েছে। কলকাতা হাইকোর্টের নির্দিষ্ট শর্ত ও নির্দেশিকা লঙ্ঘন করে জনসমাগম করা এবং রাস্তা বন্ধ করার অভিযোগ উঠেছে। এই পরিস্থিতিতে প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে এফআইআর দায়ের করার নির্দেশ দিয়েছেন বর্তমান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। একই সঙ্গে আদালতের নির্দেশ ভাঙার অভিযোগে তাঁর বিরুদ্ধে উচ্চ আদালতে আইনি পদক্ষেপ নেওয়ারও জোরালো বার্তা দেওয়া হয়েছে।
শুক্রবার অনুষ্ঠিত এই সভায় আদালতের পক্ষ থেকে সুনির্দিষ্ট কিছু বিধিনিষেধ আরোপ করা হয়েছিল। নির্দেশিকায় জানানো হয়েছিল, সভায় পনেরো শ জনের বেশি কর্মী-সমর্থক উপস্থিত থাকতে পারবেন না এবং দুপুর বারোটা থেকে তিনটের মধ্যে অনুষ্ঠান শেষ করতে হবে। এছাড়া ক্যাথিড্রাল রোড ও রানি রাসমনি রোডের একটি দিক সম্পূর্ণ খোলা রাখার কথা বলা হলেও, সেই শর্ত মানা হয়নি বলে অভিযোগ। প্রশাসনের তরফ থেকে এই বিষয়ে যথাযথ আইনি প্রক্রিয়া শুরু করা হচ্ছে।