গরুমারার রিসর্টে ‘মধুচক্রের’ পর্দাফাঁস, পুলিশের হাতে গ্রেপ্তার মহিলা-সহ ৮

গরুমারার রিসর্টে ‘মধুচক্রের’ পর্দাফাঁস, পুলিশের হাতে গ্রেপ্তার মহিলা-সহ ৮

গরুমারা (ডুয়ার্স): ডুয়ার্সের পর্যটন বলয়ে ফের অসামাজিক কার্যকলাপের ছায়া। গরুমারা জাতীয় উদ্যান সংলগ্ন এলাকার একটি বেসরকারি রিসর্ট থেকে মধুচক্র চালানোর অভিযোগে পুলিশ এক মহিলা-সহ মোট আট জনকে আটক করেছে।

মালবাজার থানা সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরেই ওই রিসর্টটিতে মোবাইল ফোনের মাধ্যমে যোগাযোগের মাধ্যমে অসামাজিক কার্যকলাপ চালানোর খবর আসছিল। গোপন তথ্যের ভিত্তিতে রবিবার (৩০ অগস্ট) রাতে পুলিশ সেখানে আচমকা অভিযান চালায়। রিসর্টের বিভিন্ন ঘরে তল্লাশি চালিয়ে হাতেনাতে আটজনকে ধরা হয়। আটককৃতদের মধ্যে তিনজন পুরুষ আসামের বাসিন্দা এবং তিনজন মহিলা শিলিগুড়ি থেকে ওই রিসর্টে এসেছিলেন।

অতীতেও গরুমারা সংলগ্ন বিভিন্ন রিসর্টে এই ধরণের অভিযোগ উঠলেও, এবার ডুয়ার্সের মূল পর্যটন এলাকার ভেতরে এত বড় চক্রের খোঁজ মেলায় ব্যাপক শোরগোল পড়ে গেছে। ঘটনার পেছনে আর কারা যুক্ত, তা খতিয়ে দেখতে পুলিশ তদন্ত শুরু করেছে। এদিকে গরুমারার মতো জনপ্রিয় জায়গায় এই ধরণের ঘটনা সামনে আসায় উদ্বেগ প্রকাশ করেছেন স্থানীয়রা। ‘ডুয়ার্স এক্সপ্রেস মেল’-এর সম্পাদক রাজু নেপালি জানান, পর্যটন শিল্পের ভাবমূর্তি রক্ষা করতে প্রশাসনকে আরও কঠোর নজরদারি চালাতে হবে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *