ক্যামাক স্ট্রিটে চরম বিপদ! অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিসে হঠাৎ কী নোটিশ পাঠাল দমকল?

অগ্নিসুরক্ষা বিধি লঙ্ঘনের গুরুতর অভিযোগে তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ক্যামাক স্ট্রিটের অফিস খালি করার নির্দেশ দিল রাজ্য দমকল বিভাগ। শহরের ৯ ক্যামাক স্ট্রিটের ওই বহুতলের সপ্তম ও অষ্টম তলায় অভিষেকের অফিস অবস্থিত। দমকল সূত্রে জানানো হয়েছে, পর্যাপ্ত অগ্নিনির্বাপক ব্যবস্থা না থাকায় এবং সুরক্ষা ঝুঁকি এড়াতে যতদিন না সমস্ত বিধি সুনিশ্চিত হচ্ছে, ততদিন ওই দুই তলা ও বেসমেন্ট ব্যবহারে সম্পূর্ণ নিষেধাজ্ঞা জারি থাকবে।
দমকল আধিকারিকদের মতে, গত ১০ আগস্ট বহুতলটির ফায়ার সেফটি সার্টিফিকেটের মেয়াদ শেষ হলেও তা নবায়ন করা হয়নি। ভবনটির বেসমেন্টে নিরাপত্তা ত্রুটি পাওয়ায় মালিককে ৪৮ ঘণ্টার সময়সীমা দিয়ে নোটিশ পাঠানো হলেও কোনো জবাব মেলেনি। বেসমেন্টে সুরক্ষা ব্যবস্থা না থাকলে অগ্নিকাণ্ডে বড় ধরনের বিপর্যয় ঘটতে পারে বলেই সতর্ক করেছেন আধিকারিকরা। এর ফলেই নিয়ম না মানা পর্যন্ত ভবনটির নির্দিষ্ট অংশগুলি অনির্দিষ্টকালের জন্য ব্যবহারের ওপর কড়া নিষেধাজ্ঞা চাপানো হয়েছে।