বিশ্বে ১ লাখের পর এবার ভারতে কোপ: ১২% কর্মী ছাঁটাই করছে ফোক্‌সভাগেন

বিশ্বে ১ লাখের পর এবার ভারতে কোপ: ১২% কর্মী ছাঁটাই করছে ফোক্‌সভাগেন

বিশ্বজুড়ে প্রায় এক লাখ কর্মী ছাঁটাইয়ের ঐতিহাসিক ঘোষণার পর এবার ভারতীয় কর্মীদের ওপর কোপ বসাতে চলেছে জার্মান গাড়ি নির্মাতা সংস্থা ফোক্‌সভাগেন। ভারতে নিজেদের ব্যবসায়িক পুনর্গঠন প্রক্রিয়া ত্বরান্বিত করে মোট কর্মীবাহিনীর প্রায় ১২ শতাংশ ছাঁটাইয়ের পরিকল্পনা করেছে সংস্থাটি। ‘স্কোডা অটো ফোক্‌সভাগেন ইন্ডিয়া প্রাইভেট লিমিটেড’-এর এই ছাঁটাই প্রক্রিয়া ২০২৭ সালের মধ্যে বিভিন্ন ধাপে সম্পন্ন হবে, যার ফলে অফিস ও কারখানা মিলিয়ে কয়েকশো কর্মী চাকরি হারাতে পারেন।

সংস্থা সূত্রের খবর, নতুন প্রজন্মের গাড়ি এবং বৈদ্যুতিক মডেল (EV) বাজারে আনার আগে ব্যয় সঙ্কোচন ও কোটি কোটি ডলার সাশ্রয় করতেই এই পদক্ষেপ। তবে এই স্থানীয় পুনর্গঠনের সঙ্গে বিশ্বব্যাপী ১ লাখ ছাঁটাইয়ের সরাসরি কোনো সম্পর্ক নেই বলে জানিয়েছে ফোক্‌সভাগেন। চিনের তীব্র প্রতিযোগিতা, বৈদ্যুতিক গাড়ির চাহিদায় ওঠানামা এবং আন্তর্জাতিক বাজারের চাপ সামলাতেই বিশ্বজুড়ে মোট ১৫ শতাংশ (১ লাখ) কর্মী কমানোর সিদ্ধান্ত নিয়েছে জার্মান গাড়ি নির্মাতা গোষ্ঠীটি।

এদিকে, কর্মী ছাঁটাই সংক্রান্ত জল্পনা নিয়ে সরাসরি মন্তব্য না করলেও স্কোডা অটো ফোক্‌সভাগেন ইন্ডিয়ার সিইও পীযূষ অরোরা জানান, ভারতের বাজারকে আরও দক্ষ ও সাশ্রয়ী করাই তাদের মূল লক্ষ্য। তিনি জোর দিয়ে বলেন, ভারতে স্থানীয় ইঞ্জিনিয়ারদের ক্ষমতা বৃদ্ধি ও নতুন বিনিয়োগে ফোক্‌সভাগেন প্রতিশ্রুতিবদ্ধ।

অর্থনৈতিক চাপ সামলানোর পাশাপাশি ভারতীয় বাজারে নিজেদের অবস্থান মজবুত করতে মালিকানা কাঠামোতেও পরিবর্তনের কথা ভাবছে ফোক্‌সভাগেন। সূত্রের খবর, শিল্পপতি সজ্জন জিন্দলের ‘জেএসডব্লিউ গ্রুপ’-এর হাতে ভারতের ব্যবসার নিয়ন্ত্রণকারী অংশীদারিত্ব (Controlling Stake) হস্তান্তরের একটি সম্ভাব্য চুক্তির কাছাকাছি পৌঁছেছে এই জার্মান টেক জায়ান্ট।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *