“খেলার ভারসাম্য নষ্ট হচ্ছে!” আইপিএলের বিতর্কিত ‘ইমপ্যাক্ট প্লেয়ার’ নিয়ম নিয়ে ক্ষুব্ধ সুরেশ রায়না

আইপিএলের ‘ইমপ্যাক্ট প্লেয়ার’ নিয়ম নিয়ে এবার তীব্র ক্ষোভ প্রকাশ করলেন ভারতীয় দলের প্রাক্তন অলরাউন্ডার সুরেশ রায়না। তাঁর মতে, এই অদ্ভুত নিয়মের কারণে ক্রিকেট ম্যাচের মূল ভারসাম্য নষ্ট হচ্ছে এবং বোলাররা চরমভাবে কোণঠাসা হয়ে পড়ছেন।
প্রাক্তন ক্রিকেটার আকাশ চোপড়াকে দেওয়া একটি সাক্ষাৎকারে রায়না জানান, শুধু ব্যাট করার জন্য অনেক সুস্থ ক্রিকেটারকে নামানো হচ্ছে, যা তাদের সার্বিক উন্নতির পক্ষে ক্ষতিকর। আন্তর্জাতিক ক্রিকেট বা টি-টোয়েন্টি বিশ্বকাপে এই ধরনের কোনো নিয়ম নেই। রায়না বলেন, “আগে ১৭০ রান তুলে জেতার আশা করা যেত, আর এখন ২৫০ রান করেও নিশ্চিন্ত থাকা যায় না। এমনকি ৩০০ রান হওয়াও এখন সময়ের অপেক্ষা।” তাঁর দাবি, অতিরিক্ত ব্যাটার খেলানোর সুবিধার কারণে প্রতিপক্ষকে অলআউট করা আসাম্ভব হয়ে দাঁড়িয়েছে, যা বোলারদের ওপর অহেতুক বাড়তি চাপ তৈরি করছে।
উল্লেখ্য, ২০২৩ সাল থেকে আইপিএলে এই নিয়ম চালু হয়, যার ফলে দলগুলো ম্যাচ চলাকালীন একজন অতিরিক্ত ব্যাটার বা বোলার ব্যবহার করতে পারে। রায়নার আগে বিরাট কোহলি, রোহিত শর্মা এবং শুভমন গিলের মতো তারকারাও প্রকাশ্যে এই নিয়মের বিরোধিতা করেছিলেন। চেন্নাই সুপার কিংসের প্রাক্তন এই ক্রিকেটারের স্পষ্ট বক্তব্য, খেলায় ব্যাটার ও বোলারের সমান সুযোগ না থাকলে ধীরে ধীরে আইপিএল তার আসল আকর্ষণ হারিয়ে ফেলবে।