পূর্ণিয়ায় লোমহর্ষক জোড়া খুন: বিয়ের জন্য চাপ দিতেই মা ও ২ বছরের শিশুকে নৃশংস হত্যা!

পূর্ণিয়ায় লোমহর্ষক জোড়া খুন: বিয়ের জন্য চাপ দিতেই মা ও ২ বছরের শিশুকে নৃশংস হত্যা!

স্বামীকে ছেড়ে যার ওপর বিশ্বাস রেখে সংসার বাঁধার স্বপ্ন দেখেছিলেন, তাঁর হাতেই নেমে এল নৃশংস হত্যা। বিহারের পূর্ণিয়া জেলায় পরকীয়ার জেরে এক মহিলা এবং তাঁর মাত্র দুই বছরের শিশুকন্যাকে নির্মমভাবে হত্যার চাঞ্চল্যকর তথ্য প্রকাশ্যে এসেছে। মারাঙ্গা থানা এলাকার একটি খালের ধার থেকে এক মহিলার মুণ্ডহীন দেহ উদ্ধারের পর থেকে এলাকায় তীব্র চাঞ্চল্য সৃষ্টি হয়।

তদন্তে নেমে মাত্র ২৪ ঘণ্টার মধ্যে ঘটনার জট খুলেছে পুলিশ। গ্রেফতার করা হয়েছে প্রধান অভিযুক্ত মোহাম্মদ মোফিলকে।

পুলিশের তদন্তে জানা গিয়েছে, নিহতের নাম পূজা দেবী। তিনি তাঁর স্বামী পবন শর্মাকে ছেড়ে রাহুয়া মোগলানির বাসিন্দা বিবাহিত মোফিলের সঙ্গে থাকতে শুরু করেছিলেন। কিন্তু কিছুদিন যেতেই পূজাকে আনুষ্ঠানিকভাবে বিয়ে করার জন্য মোফিলকে চাপ দিতে থাকেন। আর এই বিয়ের দাবিই তাঁর কাল হয়ে দাঁড়ায়। বিয়ে থেকে বাঁচতে এবং পথ পরিষ্কার করতে পূজাকে হত্যার ছক কষে অভিযুক্ত।

পরিচয় গোপন করার উদ্দেশ্যে পূজার দেহ থেকে মাথা বিচ্ছিন্ন করে সঙ্গে নিয়ে পালিয়ে যায় ঘাতক মোফিল। গ্রেফতারের পর পুলিশি জেরায় অভিযুক্তের দেওয়া তথ্যের ভিত্তিতেই উদ্ধার হয় মহিলার কাটা মাথা এবং তাঁর দুই বছরের শিশুকন্যা অনুষ্কার কঙ্কাল। পুলিশ জানায়, পূজাকে হত্যার পাশাপাশি তাঁর ছোট্ট মেয়েটিকেও একইভাবে খুন করে দেহ লুকিয়ে ফেলা হয়েছিল।

তবে পূজার অন্য এক সন্তানকে অক্ষত অবস্থায় উদ্ধার করে তার দাদুর কাছে তুলে দিয়েছে পুলিশ। ঘটনাস্থল থেকে ফরেনসিক টিম প্রয়োজনীয় নমুনা সংগ্রহ করেছে এবং খুনে ব্যবহৃত মূল অস্ত্রটির সন্ধানে তল্লাশি চলছে। নিহত মহিলার ৭০ বছর বয়সী শ্বশুরের দায়ের করা লিখিত অভিযোগের ভিত্তিতে মারাঙ্গা থানায় হত্যা মামলা রুজু করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *