১২% থেকে ২৪%! বিশ্ব বাণিজ্যে ব্রিকসের ঐতিহাসিক রেকর্ড

১২% থেকে ২৪%! বিশ্ব বাণিজ্যে ব্রিকসের ঐতিহাসিক রেকর্ড

বিশ্ব বাণিজ্যে ব্রিকস (BRICS) রাষ্ট্রগোষ্ঠীর অভূতপূর্ব এক অর্থনৈতিক উত্থানের চিত্র তুলে ধরলেন কেন্দ্রীয় বাণিজ্য ও শিল্পমন্ত্রী পীযূষ গোয়েল। শুক্রবার ‘ব্রিকস বিজনেস ফোরাম ২০২৬’-এর শীর্ষ সম্মেলনে বক্তব্য দিতে গিয়ে তিনি জানান, আন্তর্জাতিক পণ্য রপ্তানিতে ব্রিকস দেশগুলির অংশীদারি এক দশকেরও বেশি সময়ে প্রায় দ্বিগুণ হয়ে দাঁড়িয়েছে। ২০০৩ সালে বিশ্ববাজারে যেখানে এই গোষ্ঠীর অবদান ছিল মাত্র ১২ শতাংশ, তা বর্তমানে লাফিয়ে ২৪ শতাংশে পৌঁছেছে।

পরিসংখ্যানে এই বৃদ্ধির চিত্রটি আরও স্পষ্ট। অর্থমূল্যের হিসেবে বিগত দু’দশকে ব্রিকস দেশগুলির রপ্তানি ৯০০ বিলিয়ন ডলার থেকে এক ধাক্কায় বেড়ে প্রায় ৬ ট্রিলিয়ন ডলারে ঠেকেছে। সম্মেলনের মঞ্চ থেকে পারস্পরিক বাণিজ্য সম্প্রসারণ, টেকসই সাপ্লাই চেন (সরবরাহ শৃঙ্খল) গঠন এবং ব্যবসার নতুন দিগন্ত উন্মোচনের ওপর গুরুত্ব আরোপ করেন মন্ত্রী।

ভারতের সভাপতিত্বে আয়োজিত এবারের ফোরামটি এযাবৎকালের বৃহত্তম ব্রিকস বিজনেস ফোরাম হিসেবে রেকর্ড গড়েছে। যেখানে ব্রিকসের সদস্য ও সহযোগী দেশগুলি থেকে ২,০০০-এরও বেশি ব্যবসায়ী নেতা ও প্রতিনিধি অংশগ্রহণ করেন।

পীযূষ গোয়েল জোর দিয়ে বলেন, এই আন্তর্জাতিক আর্থিক সাফল্যের সুফল যাতে কেবল বড় কর্পোরেট প্রতিষ্ঠানে সীমাবদ্ধ না থাকে, বরং দেশের কৃষক, নারী উদ্যোক্তা, নবীন উদ্ভাবক এবং ক্ষুদ্র ও মাঝারি শিল্পক্ষেত্রের (MSME) দোরগোড়ায় পৌঁছায়, সেটিকে অগ্রাধিকার দেওয়া হচ্ছে। উল্লেখ্য, সম্মেলন চলাকালীন ‘ব্রিকস উইমেন’স বিজনেস অ্যালায়েন্স’ এবং ‘বিজনেস কাউন্সিল’-এর পক্ষ থেকে অর্থনৈতিক উন্নয়ন ও সহযোগিতার লক্ষ্যে ৪৪টিরও বেশি গুরুত্বপূর্ণ সুপারিশ জমা দেওয়া হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *