“প্রমাণ আমার কাছেও আছে!” ইস্টবেঙ্গলের রাজনীতি নিয়ে মুখ খুললেন অস্কার

“প্রমাণ আমার কাছেও আছে!” ইস্টবেঙ্গলের রাজনীতি নিয়ে মুখ খুললেন অস্কার

ইস্টবেঙ্গল ক্লাবের অন্দরের বিতর্কিত রাজনীতি ও ট্রোলিং নিয়ে এবার সরাসরি তোপ দাগলেন সাবেক কোচ অস্কার ব্রুজো। এতদিন নাম না করে তোপ দাগলেও, এবার আর কোনো আড়াল রাখেননি তিনি। ক্লাবের সর্বময় কর্তা দেবব্রত সরকার ওরফে ‘নীতুদা’কে সরাসরি নিশানা করে একগুচ্ছ বিস্ফোরক প্রশ্ন তুলে দিয়েছেন অস্কার।

সোশ্যাল মিডিয়ায় ভুয়া অ্যাকাউন্ট ও টাকার বিনিময়ে পরিচালিত প্রোফাইল থেকে অনবরত ব্যক্তিগত আক্রমণ চালানো হচ্ছে বলে অভিযোগ করেছেন এই স্প্যানিশ কোচ। অস্কারের প্রশ্ন, এই নোংরা অপপ্রচারের পেছনে কি ক্লাবের ভেতরের কারো প্রশ্রয় রয়েছে? পুরো বিষয়টিতে নীতুদা বা ইস্টবেঙ্গল ক্লাব জড়িয়ে না থাকলে কেন তাঁরা এসব বন্ধ করতে পদক্ষেপ নিচ্ছেন না? অস্কার বলেন, “কাউকে আক্রমণ করার জন্য আমি এসব বলছি না। শুধু জানতে চাই—এসব থেকে কার স্বার্থসিদ্ধি হচ্ছে? যেভাবে আমাকে হেনস্থা করা হচ্ছে, তা বন্ধ হওয়া দরকার।”

ইস্টবেঙ্গলে কাজ করার দিনগুলোর কথা মনে করিয়ে দিয়ে অস্কার জানান, তিনি কোনো ব্যক্তি, লবি বা দালাল চক্রের অনুগত ছিলেন না। তিনি কেবল দল, সাপোর্ট স্টাফ ও সমর্থকদের প্রতি দায়বদ্ধ থেকে কাজ করেছেন। তাঁর মতে, অভ্যন্তরীণ হস্তক্ষেপ ও স্বল্পমেয়াদি স্বার্থের কারণেই লাল-হলুদের মতো বড় ক্লাব বারবার পিছিয়ে পড়ছে। স্বাধীনভাবে কাজ করতে যাওয়া বা ক্লাব ছেড়ে দেওয়া কোনো মানুষকে কেন রাতারাতি ‘শত্রু’ বানিয়ে ফেলা হয়, তা নিয়েও ক্ষোভ প্রকাশ করেন তিনি। একই সাথে কড়া হুঁশিয়ারি দিয়ে অস্কার মনে করিয়ে দিয়েছেন, দরকারে তথ্য-প্রমাণ প্রকাশ্যে আনতেও তিনি পিছপা হবেন না।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *