‘দরজা বন্ধ’ বিজেপির, পাল্টা তোপ কৃষ্ণেন্দুর! পদত্যাগের পরই গরম ইংলিশবাজারের রাজনীতি

মালদার ইংলিশবাজার পুরসভার চেয়ারম্যান পদ থেকে তৃণমূল নেতা কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরীর পদত্যাগের পর থেকেই জেলার রাজনীতিতে জোর শোরগোল শুরু হয়েছে। পদত্যাগের পর তিনি কি দলবদল করবেন, নাকি নতুন কোনো রাজনৈতিক পথে হাঁটবেন—তা নিয়ে জল্পনা যখন তুঙ্গে, ঠিক তখনই এই বিতর্কে জল ঢালল গেরুয়া শিবির।
ইংলিশবাজারের বিজেপি বিধায়ক অম্লান ভাদুড়ি সাফ জানিয়ে দিয়েছেন, কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরীর জন্য বিজেপির দরজা সম্পূর্ণরূপে বন্ধ। শুধু কৃষ্ণেন্দু নন, কংগ্রেস বা সিপিএমের মতো বিরোধী শিবিরের অন্যান্য পরিচিত মুখদের জন্যও পদ্মশিবিরে আর কোনো জায়গা নেই বলে তিনি স্পষ্ট বার্তা দেন। যেকোনো নেতা চাইলেই এখন দলে ঢুকতে পারবেন না—অম্লান ভাদুড়ির এই মন্তব্য রাজনৈতিকভাবে যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করছে ওয়াকিবহাল মহল।
তবে বিজেপির এই ‘দরজা বন্ধ’ ঘোষণাকে বিন্দুমাত্র গুরুত্ব দিতে নারাজ কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী। কড়া ভাষায় পাল্টা জবাব দিয়ে তিনি বলেন, “আমি কারও দরজায় গিয়ে কড়া নাড়িনি। তাই আমার জন্য দরজা খোলা না বন্ধ, সে প্রশ্নই ওঠে না।” রাজনীতির ময়দান থেকে যে তিনি সরে যাচ্ছেন না, তাও পরিষ্কার করে দিয়েছেন এই প্রবীণ নেতা। তাঁর সাফ বক্তব্য—কোনো রাজনৈতিক দল আনুষ্ঠানিক প্রস্তাব দিলে সহকর্মী ও কর্মী-সমর্থকদের সঙ্গে আলোচনা করেই পরবর্তী পদক্ষেপ নেবেন।
পুরসভা চেয়ারম্যানের পদ ছাড়লেও কৃষ্ণেন্দুর এই কৌশলী অবস্থান এবং বিজেপির কড়া নীতি—সব মিলিয়ে মালদার রাজনৈতিক পারদ এখন চড়চড় করে বাড়ছে। শেষ পর্যন্ত কৃষ্ণেন্দুর পরবর্তী রাজনৈতিক গন্তব্য কোথায় হয়, সেদিকেই এখন নজর সর্বস্তরের।