ডলারের দাদাগরি শেষ! পশ্চিমি নিষেধাজ্ঞার বিরুদ্ধে বড় মাস্টারস্ট্রোক পুতিনের

ডলারের দাদাগরি শেষ! পশ্চিমি নিষেধাজ্ঞার বিরুদ্ধে বড় মাস্টারস্ট্রোক পুতিনের

ডলার এবং পশ্চিমা বিশ্বের একচ্ছত্র আর্থিক আধিপত্যের বিরুদ্ধে বড়সড় চ্যালেঞ্জ ছুড়ে দিলেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। সম্প্রতি নয়াদিল্লিতে অনুষ্ঠিত ১৮তম ব্রিকস শীর্ষ সম্মেলনের শেষ পর্বে পশ্চিমি নিষেধাজ্ঞার মোকাবিলায় এক সুদূরপ্রসারী ও জোরালো প্রস্তাব পেশ করেন তিনি। তাঁর সাফ বার্তা, রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করতে আমেরিকা বা ইউরোপীয় ইউনিয়ন যাতে উন্নয়নশীল দেশগুলিকে কোণঠাসা করতে না পারে, তার জন্য ব্রিকসভুক্ত রাষ্ট্রগুলির নিজস্ব অভ্যন্তরীণ বিমা ব্যবস্থা গড়ে তোলা অত্যন্ত জরুরি।

ইউক্রেন যুদ্ধ পরবর্তী অভিজ্ঞতাকে সামনে রেখে পুতিন জানান, রাশিয়া থেকে তেল রফতানি ও তা পরিবহনের ক্ষেত্রে আন্তর্জাতিক সামুদ্রিক বিমা সংস্থাকে কীভাবে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করেছে পশ্চিমের দেশগুলি। রাশিয়ার তেল কেনার ওপর নিষেধাজ্ঞা জারির পাশাপাশি সামুদ্রিক বিমা দিতে অস্বীকার করে তাদের অর্থনীতিকে পঙ্গু করার অপচেষ্টা চালানো হয়েছিল। এই ধরনের একপেশে ও ধ্বংসাত্মক চাপ থেকে গ্লোবাল সাউথ তথা উন্নয়নশীল দেশগুলোর অর্থনীতিকে রক্ষা করতে স্বাধীন পরিকাঠামোর কোনো বিকল্প নেই বলেই মত প্রকাশ করেন তিনি।

পশ্চিমা শক্তির প্রভাব এড়িয়ে সদস্য দেশগুলির মধ্যে প্রযুক্তিগত সহযোগিতা, শ্রমিকের আদানপ্রদান এবং বাণিজ্যের পথ সুগম করতে ব্রিকসের নিজস্ব অভ্যন্তরীণ বিমা ব্যবস্থা এবং শস্যের বাজার গড়ে তোলার প্রস্তাব দেন রুশ প্রেসিডেন্ট। এর পাশাপাশি, নিউ ডেভেলপমেন্ট ব্যাংক বা এনডিবি-র ভূমিকা প্রশংসার যোগ্য বলে উল্লেখ করে তিনি জানান যে, বর্তমানে প্রায় ১৪০ বিলিয়ন মার্কিন ডলারের বিভিন্ন প্রকল্প এই ব্যাংকের আওতায় পরিচালিত হচ্ছে। বর্তমান বিশ্বজুড়ে চলা বহুমুখী ভূ-রাজনৈতিক ও অর্থনৈতিক সংকটের সফল মোকাবিলা করতে ব্রিকস ভুক্ত দেশগুলিকে এখন আরও বেশি মাত্রায় ঐক্যবদ্ধ হয়ে কাজ করার তাগিদ দিয়েছেন পুতিন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *