গণেশ চতুর্থী ২০২৬: গুয়াহাটিতে ৪৫ ফুটের বিশাল প্রতিমা, জুবিন গর্গকে অনন্য শ্রদ্ধা

গণেশ চতুর্থী ২০২৬: গুয়াহাটিতে ৪৫ ফুটের বিশাল প্রতিমা, জুবিন গর্গকে অনন্য শ্রদ্ধা

গণেশ চতুর্থী ২০২৬ উপলক্ষে উৎসবের আমেজে মেতে উঠেছে গোটা দেশ। তবে এবার উৎসবের আবহেই এক অন্যন দৃশ্য দেখা গেল আসামের রাজধানী গুয়াহাটিতে। সেখানে নজর কাড়ছে ৪৫ ফুটের একটি বিশালাকার পরিবেশবান্ধব গণেশ মূর্তি, যা তৈরি করা হয়েছে জনপ্রিয় প্রয়াত গায়ক জুবিন গর্গকে শ্রদ্ধা জানানোর উদ্দেশ্যে। ফাটাশিল আমবাটি এলাকায় স্থাপিত এই প্রতিমাটি উত্তর-পূর্ব ভারতের সবচেয়ে উঁচু গণেশ মূর্তি বলেই দাবি করেছেন উদ্যোক্তারা।

এ বছর ফাটাশিল আমবাটিতে এই পুজোর যৌথ আয়োজক ড. বি আর আম্বেদকর ইয়ুথ ক্লাব এবং তেলুগু অ্যাসোসিয়েশন। পরিবেশ সুরক্ষার কথা মাথায় রেখে মূর্তি নির্মাণে সম্পূর্ণ বর্জ্য বা কৃত্রিম রঙের পরিবর্তে পরিবেশবান্ধব উপকরণ ব্যবহার করা হয়েছে।

উল্লেখ্য, গত চার দশক ধরে এই এলাকায় গণেশ পুজোর আয়োজন করে আসছে সংশ্লিষ্ট ক্লাবটি। এর আগে যথাক্রমে ৪১ ফুট ও ৩৫ ফুটের প্রতিমা তৈরি করলেও, এ বছর উচ্চতার সমস্ত পুরনো রেকর্ড ভেঙে ৪৫ ফুটের মূর্তি স্থাপন করা হয়েছে।

এ বিষয়ে ক্লাবের সম্পাদক সি গোবিন্দ সংবাদ সংস্থাকে জানান, চলতি বছরের মূল ভাবনা আসামের সাংস্কৃতিক আইকন জুবিন গর্গকে উৎসর্গ করা। তাঁকে স্মরণ করেই এই এলাহি আয়োজন করা হয়েছে, যা গুয়াহাটি তথা সমগ্র আসামের মানুষের নজর কাড়বে বলে আশাবাদী তারা।

তেলুগু অ্যাসোসিয়েশনের সদস্য ডি কে কামারাজু জানিয়েছেন, এ বছর টানা সাত দিন ধরে চলবে এই উৎসবের নানা কর্মসূচি। আগামী ১৪ সেপ্টেম্বর থেকে ২০ সেপ্টেম্বর পর্যন্ত আয়োজিত এই অনুষ্ঠানে স্থানীয় বিধায়ক, সাংসদসহ একাধিক বিশিষ্ট মন্ত্রী উপস্থিত থাকবেন বলে আমন্ত্রণ জানানো হয়েছে। গণেশ চতুর্থীর এই আনন্দমুখর আয়োজনে মেতে উঠতে প্রস্তুত গুয়াহাটির আমবাটি এলাকা।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *