চিপ-পাওয়ার হওয়ার দৌড়ে ভারত! দিল্লিতে শুরু হচ্ছে মেগা সামিট ‘সেমিকন ইন্ডিয়া ২০২৬’

চিপ-পাওয়ার হওয়ার দৌড়ে ভারত! দিল্লিতে শুরু হচ্ছে মেগা সামিট ‘সেমিকন ইন্ডিয়া ২০২৬’

বিশ্বের প্রযুক্তি ও সেমিকন্ডাক্টর বাজারে নিজেদের অবস্থান আরও মজবুত করতে বড় ধরনের পদক্ষেপ নিতে চলেছে ভারত। আগামী ১৭ সেপ্টেম্বর থেকে রাজধানী দিল্লির আন্তর্জাতিক প্রদর্শনী কেন্দ্র ‘যশোভূমি’-তে শুরু হতে যাচ্ছে তিন দিনব্যাপী মেগা গ্লোবাল ইভেন্ট ‘সেমিকন ইন্ডিয়া ২০২৬’-এর পঞ্চম সংস্করণ। ১৭ থেকে ১৯ সেপ্টেম্বর পর্যন্ত চলা এই সম্মেলনে বিশ্বমানের প্রযুক্তি প্রতিষ্ঠান, আন্তর্জাতিক বিনিয়োগকারী, নীতিপ্রণেতা এবং দেশের তরুণ স্টার্টআপগুলি একই ছাদের নীচে একত্রিত হবে।

এবারের সম্মেলনের মূল থিম নির্ধারণ করা হয়েছে “সিলিকন টু সিস্টেমস: বিল্ডিং দ্য ইকোসিস্টেম”। বর্তমান ভূ-রাজনৈতিক পরিস্থিতিতে বিশ্বজুড়ে সেমিকন্ডাক্টর সাপ্লাই চেইনের বিকল্প গন্তব্য খোঁজার চেষ্টা চলছে। এই সময়ে ভারত সরকার এবং দেশি-বিদেশি বড় অঙ্কের বিনিয়োগের ওপর ভর করে এ দেশ চিপ উৎপাদনের অন্যতম বিশ্বস্ত কেন্দ্রে পরিণত হচ্ছে।

ইন্ডিয়া সেমিকন্ডাক্টর মিশন (ISM), ইলেকট্রনিক্স ও তথ্যপ্রযুক্তি মন্ত্রক (MeitY) এবং বিশ্বখ্যাত শিল্প সংস্থা SEMI-র যৌথ উদ্যোগে এই মেগা ইভেন্ট আয়োজিত হচ্ছে।

এক নজরে সামিটের মূল আকর্ষণ:

  • বিশাল আন্তর্জাতিক উপস্থিতি: প্রায় ১৫,০০০ বর্গমিটার এলাকাজুড়ে আয়োজিত এই প্রদর্শনীতে বিশ্বের ৬০০-রও বেশি প্রদর্শক অংশগ্রহণ করবেন, যার মধ্যে থাকছে ৩০০টি আন্তর্জাতিক কো ম্পা নি।
  • বিশেষজ্ঞদের আলোচনা: প্রযুক্তির ভবিষ্যৎ এবং সরবরাহ ব্যবস্থার চ্যালেঞ্জ নিয়ে বক্তব্য রাখবেন ১৫০-রও বেশি বিশ্বমানের প্রযুক্তি বিশেষজ্ঞ ও শিল্পনেতা।
  • বিশেষ প্যাভিলিয়ন: প্রদর্শনীতে আন্তর্জাতিক ৬টি দেশের নিজস্ব প্যাভিলিয়নের পাশাপাশি ভারতের ১২টি রাজ্য সরকারের স্টল থাকবে।
  • স্টার্টআপ ও কর্মসংস্থান: তরুণ উদ্ভাবকদের উৎসাহিত করতে ‘স্টার্টআপ প্যাভিলিয়নে’ ৪০টি নবীন সংস্থা তাদের তৈরি প্রযুক্তি প্রদর্শন করবে। পাশাপাশি ‘ওয়ার্কফোর্স ডেভেলপমেন্ট প্যাভিলিয়ন’-এ মাইক্রোইলেকট্রনিক্স ক্ষেত্রে উন্নত প্রশিক্ষণ ও নতুন কর্মসংস্থানের সুযোগ তুলে ধরা হবে।
  • ‘স্যান্ড টু সিলিকন’ লাইভ অভিজ্ঞতা: এই প্রদর্শনীতে আগত দর্শনার্থীরা কাঁচামাল বা সাধারণ বালি থেকে শুরু করে জটিল চিপ তৈরি, প্যাকেজিং এবং চূড়ান্ত যন্ত্রাংশ নির্মাণের প্রতিটি ধাপ সরাসরি দেখার বিরল সুযোগ পাবেন।

তিন দিনের এই ইভেন্টে এআই (কৃত্রিম বুদ্ধিমত্তা), অ্যাডভান্সড চিপ প্যাকেজিং, মেটেরিয়াল সায়েন্স এবং বিশ্বস্ত সাপ্লাই চেইন তৈরির মতো কৌশলগত বিষয়গুলির ওপর উচ্চপর্যায়ের রাউন্ডটেবল বৈঠক অনুষ্ঠিত হবে। প্রযুক্তি বিশেষজ্ঞদের মতে, এই সম্মেলনের মাধ্যমে গ্লোবাল সাপ্লাই চেইনে ভারতের প্রভাব আরও বৃদ্ধি পাবে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *