“আমার নাম ভাঙিয়ে তোলাবাজি? রাস্তায় বেঁধে রাখা হবে!” কড়া হুঁশিয়ারি বিজেপি বিধায়কের

“আমার নাম ভাঙিয়ে তোলাবাজি? রাস্তায় বেঁধে রাখা হবে!” কড়া হুঁশিয়ারি বিজেপি বিধায়কের

মেমারি: পূর্ব বর্ধমানের মেমারিতে তোলাবাজির বিরুদ্ধে চরম হুঁশিয়ারি দিলেন স্থানীয় বিজেপি বিধায়ক মানব গুহ। দলীয় ‘সংকল্প অভিযান’ ও প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে আয়োজিত কর্মসূচির মঞ্চ থেকে তোলাবাজদের বিরুদ্ধে রাস্তায় বেঁধে আইনি ব্যবস্থা নেওয়ার কথা জানান তিনি।

বিধায়কের কড়া আল্টিমেটাম গত চার মাস ধরে মেমারি পুরসভা ও পঞ্চায়েত এলাকার একাধিক জায়গা থেকে বিধায়কের নাম ভাঙিয়ে টাকা তোলার অভিযোগ সামনে এসেছে। কোথাও দোকানে গিয়ে ‘বিধায়ক পাঠিয়েছেন’ বলে ৫ হাজার টাকা দাবি করা হচ্ছে, আবার কোথাও বেআইনি বাড়ি নির্মাণ, সাব-মার্সিবল বসানো কিংবা জলের লাইনের নাম করে সাধারণ মানুষের থেকে টাকা নেওয়া হচ্ছে। এই প্রসঙ্গে মানব গুহ বলেন, “যে-ই দোকানে গিয়ে আমার নাম করে টাকা চাইবে, তাকে ধরে রাস্তায় বেঁধে রাখুন। খবর পেলে আমি নিজে স্পটে গিয়ে আইন মেনে কড়া ব্যবস্থা নেব।”

দলীয় কর্মী ও নবাগতদের সতর্কবার্তা রাজ্যের রাজনৈতিক পটপরিবর্তনের পর তোলাবাজি রোখা অন্যতম বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। মেমারির ঘটনায় বিধায়কের দাবি, মূলত বিরোধীরা বিজেপির নাম ব্যবহার করে এই কুকর্ম করছে। তবে একই সঙ্গে নিজের শিবিরের অনিয়ম নিয়েও সোচ্চার হন তিনি। জানান, সম্প্রতি তৃণমূল থেকে বিজেপিতে আসা কিছু ব্যক্তি ও পুরানো দুষ্কৃতীরা গেরুয়া পতাকা আঁকড়ে ধরে তোলাবাজি চালানোর চেষ্টা করছে। বিধায়কের স্পষ্ট বক্তব্য, “তৃণমূল করছে না বিজেপির লোক করছে—সেটা বড় কথা নয়। তোলাবাজি বন্ধ করতে হবে, এটাই মূল লক্ষ্য।”

আইন মেনে চলার পরামর্শ তোলাবাজি পুরোপুরি বন্ধ করতে সাধারণ মানুষকেও সচেতন হওয়ার বার্তা দিয়েছেন বিধায়ক। পুরসভার অনুমতি ছাড়া কোনও বেআইনি নির্মাণ বা কাজ না করা এবং অন্যায্য সুবিধার আশায় তোলাবাজদের টাকা না দেওয়ার অনুরোধ জানান তিনি।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *