“মেয়েদের জীবন কতটা কঠিন বুঝলাম!” রাতের দিল্লিতে অদ্ভুত পরীক্ষা ইউটিউবারের, মুহূর্তে ভাইরাল ভিডিয়ো

২০১২ সালের ভয়াবহ নির্ভয়া কান্ডের পর রাজধানীর নারী নিরাপত্তা জোরদার করার একাধিক দাবি করা হলেও, বাস্তবে পরিস্থিতি কতটা বদলেছে? সেই উত্তর খুঁজতেই এক অনন্য সোশ্যাল এক্সপেরিমেন্ট করলেন ‘BeJaintle’ নামে পরিচিত এক জনপ্রিয় ইনস্টাগ্রাম ইনফ্লুয়েন্সার ও ইউটিউবার।
কী এই অদ্ভুত পরীক্ষা? ওই তরুণ প্রথমে বাড়িতে মেকআপ করেন এবং মেয়েদের পোশাক পরেন। এরপর মাথায় ও মুখে ওড়না পেঁচিয়ে নিজেকে পুরোপুরি একজন নারীর রূপে গুটিয়ে নেন। পরীক্ষা করার উদ্দেশ্যে গভীর রাতে স্কুটার নিয়ে একাই বেরিয়ে পড়েন দিল্লির রাস্তায়। তবে রাজপথে নামার পরেই তাঁর সামনে চলে আসে এক কদর্য বাস্তবতা।
মাত্র ২ ঘণ্টায় একের পর এক অসভ্য আচরণ সোশ্যাল মিডিয়ায় শেয়ার করা ভিডিয়োতে ওই যুবক জানান, সফর শুরুর অল্প সময়ের মধ্যেই একের পর এক খারাপ পরিস্থিতির মুখোমুখি হতে হয় তাঁকে।
- দুই যুবক তাঁকে দীর্ঘক্ষণ লক্ষ্য করার পর স্কুটার নিয়ে পিছু ধাওয়া করতে শুরু করে।
- এক ব্যক্তি চলন্ত অবস্থাতেই বিপজ্জনকভাবে তাঁর স্কুটারের কাছে এসে আগ বাড়িয়ে কথা বলার চেষ্টা করে।
- অন্তত দুটি অটো-রিকশা তাঁর স্কুটারের গতিপথ আটকে দেওয়ার চেষ্টা করে। তবে দূরে থাকা ক্যামেরা টিমকে ভিডিও করতে দেখে সটান কেটে পড়ে এক অটোচালক।
ক্ষোভ প্রকাশ ইনফ্লুয়েন্সারের মাত্র দুই ঘণ্টার এই ভিজিটে যে অভিজ্ঞতার মুখোমুখি হতে হয়েছে, তাতে চরম ক্ষোভ ও হতাশা প্রকাশ করেছেন সেই ইউটিউবার। তিনি বলেন, “গত দুই ঘণ্টা চরম অস্বস্তিকর পরিস্থিতির মধ্যে কেটেছে। অটোচালক থেকে পথচারী—সবাই যেন গিলে খাওয়ার দৃষ্টিতে তাকাচ্ছিল। গভীর রাতে মেয়েদের একা বের হওয়া একেবারেই নিরাপদ নয়। নারীদের জীবন যে কতটা কঠিন, তা আজ হাড়ে হাড়ে টের পেলাম।”
নেটপাড়ায় জোর তরজা ভিডিয়োটি সমাজমাধ্যমে প্রকাশ্যে আসতেই শুরু হয়েছে চরম বিতর্ক। নেটিজেনদের একাংশ মন্তব্য করেছেন, দিল্লির নাইটলাইফ ও নারী নিরাপত্তার নির্মম সত্যটিই এই ভিডিয়োতে স্পষ্ট হয়ে উঠেছে। অন্যদিকে একাংশের দাবি, একজনের ব্যক্তিগত অভিজ্ঞতা দিয়ে গোটা শহরের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে চূড়ান্ত বিচার করা ঠিক নয়।