সিভিকদের ওপর চরম কড়াকড়ি! ছুটি নিতেও লাগবে অনুমতি, ভুল করলেই চাকরি খতম

সিভিকদের ওপর চরম কড়াকড়ি! ছুটি নিতেও লাগবে অনুমতি, ভুল করলেই চাকরি খতম

কলকাতা: কলকাতা পুলিশের সিভিক ভলান্টিয়ারদের লাগাম টানতে ফের কঠোর পদক্ষেপ করল রাজ্য প্রশাসন। ডিউটি চলাকালীন শৃঙ্খলা বজায় রাখা, আচরণ এবং দায়িত্বপালনের ক্ষেত্রে কোনো ধরনের শিথিলতা আর মেনে নেওয়া হবে না বলে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে। নতুন নির্দেশিকা অনুযায়ী, নিয়ম অমান্য করলে সংশ্লিষ্ট সিভিক ভলান্টিয়ারের বিরুদ্ধে চরম শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে। অভিযোগ গুরুতর প্রমাণিত হলে তাঁকে চাকরি থেকেও স্থায়ীভাবে বরখাস্ত করা হতে পারে।

কাজের ক্ষেত্রে যে নিয়মগুলি মানতেই হবে:

  • ছুটির নতুন নিয়ম: অনুমতি ছাড়া দীর্ঘদিন কাজে অনুপস্থিত থাকা চলবে না। ছুটি নিতে হলে কর্তৃপক্ষের কাছ থেকে আগেই লিখিত অনুমতি নিতে হবে।
  • দুর্নীতিতে শূন্য সহনশীলতা: ডিউটিতে থাকা অবস্থায় কোনো ধরনের তোলাবাজি, ঘুষ নেওয়া বা অনৈতিক কাজের সঙ্গে যুক্ত হওয়া সম্পূর্ণ নিষিদ্ধ।
  • ফৌজদারি অপরাধে কঠোর সাজা: কোনো রকম অপরাধমূলক বা আইনি ঝামেলায় নাম জড়ালে তৎক্ষণাৎ পদক্ষেপ নেওয়া হবে।
  • কাজে গাফিলতি নয়: পুলিশের দেওয়া দায়িত্ব অবহেলা করা বা ডিউটিতে আলসেমি করলে বিভাগীয় কড়া পদক্ষেপের মুখে পড়তে হবে।

কেন এই কড়াকড়ি? রাজ্যে সিভিক ভলান্টিয়ার ব্যবস্থা শুরু হয়েছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখ্যমন্ত্রীত্বের সময় থেকে। পুলিশের সহায়ক বাহিনী হিসেবে তারা কাজ করলেও, বিগত দিনে একাধিক সিভিক কর্মীর বিরুদ্ধে তোলাবাজি, ঘুষ গ্রহণ এবং মদ্যপ অবস্থায় হাঙ্গামা করার মতো মারাত্মক অভিযোগ উঠেছে। বিশেষ করে, আরজি কর কাণ্ডে এক সিভিক ভলান্টিয়ারের নাম জড়ানো ও দোষী সাব্যস্ত হওয়ার পর থেকে এদের ভূমিকা ও শৃঙ্খলা নিয়ে সাধারণ মানুষের মনে তীব্র প্রশ্ন ওঠে।

প্রশাসনের স্পষ্ট বক্তব্য, পুলিশের সহায়ক হিসেবে কাজের অর্থ সাধারণ মানুষের নিরাপত্তা সুনিশ্চিত করা। তাই সাধারণ মানুষের আস্থা বজায় রাখতে এবং শৃঙ্খলার মান বাড়াতে আর কোনো ছাড় দেওয়ার পক্ষপাতি নয় লালবাজার।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *