পটাশপুরে প্রাক্তন তৃণমূল প্রধানকে বাড়ি থেকে তুলে নিয়ে গিয়ে ‘খুন’, কাঠগড়ায় বিজেপি

পটাশপুরে প্রাক্তন তৃণমূল প্রধানকে বাড়ি থেকে তুলে নিয়ে গিয়ে ‘খুন’, কাঠগড়ায় বিজেপি

পটাশপুর: পূর্ব মেদিনীপুরের পটাশপুরে প্রাক্তন তৃণমূল পঞ্চায়েত প্রধান বিজনবন্ধু বাগকে বাড়ি থেকে তুলে নিয়ে গিয়ে নির্মমভাবে পিটিয়ে খুনের অভিযোগ উঠল। শনিবার কলকাতার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়েছে। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় তীব্র উত্তেজনা ও চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।

বাড়ি থেকে তুলে নিয়ে গিয়ে নির্যাতন পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, পটাশপুর-২ ব্লকের সাউথখণ্ড গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন প্রধান ছিলেন বিজনবন্ধু বাগ। অভিযোগ, গত বৃহস্পতিবার ৬ থেকে ৭ জনের একটি বাইকবাহিনী তাঁর বাড়িতে চড়াও হয় এবং জোরপূর্বক তাঁকে তুলে নিয়ে যায়। এরপর স্থানীয় একটি কাঠের মিলে আটকে রেখে তাঁর ওপর অমানুষিক শারীরিক নির্যাতন চালানো হয়।

উদ্ধার ও হাসপাতালে মৃত্যু পরিবারের তরফ থেকে থানায় খবর দেওয়া হলে পুলিশ দ্রুত তল্লাশি শুরু করে এবং আশঙ্কাজনক অবস্থায় তাঁকে উদ্ধার করে। প্রথমে তাঁকে এগরা সুপার স্পেশ্যালিটি হাসপাতালে ভর্তি করা হয়। কিন্তু শারীরিক অবস্থার দ্রুত অবনতি হওয়ায় কলকাতার বাইপাস সংলগ্ন এক বেসরকারি হাসপাতালে স্থানান্তরিত করা হয়। সেখানেই শনিবার চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।

রাজনৈতিক চক্রান্তের অভিযোগ তৃণমূলের ঘটনার পর রাজনৈতিক হিংসার অভিযোগ তুলেছে শাসকদল। রামনগরের প্রাক্তন বিধায়ক তথা তৃণমূল নেতা অখিল গিরির দাবি, বিজেপির আশ্রিত দুষ্কৃতীরাই পরিকল্পনা করে বিজনবন্ধুকে তুলে নিয়ে গিয়ে হত্যা করেছে। আর্থিক লেনদেন বা অন্য কোনো ব্যক্তিগত বিবাদের জেরে এই ঘটনা— এমন জল্পনা উড়িয়ে দিয়ে তিনি ঘটনার নিরপেক্ষ ও পূর্ণাঙ্গ পুলিশি তদন্ত দাবি করেছেন।

অভিযোগ অস্বীকার বিজেপির অন্যদিকে তৃণমূলের এই দাবি পুরোপুরি অস্বীকার করেছে বিজেপি। বিজেপির কাঁথি সাংগঠনিক জেলা সভাপতি সোমনাথ রায় জানান, এই ঘটনার সঙ্গে বিজেপির কোনো কর্মী বা সমর্থক যুক্ত নন। কেউ অপরাধ করে থাকলে পুলিশ নিরপেক্ষ তদন্ত চালিয়ে আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা গ্রহণ করুক।

পুলিশের তদন্ত ও গ্রেফতারি ঘটনার তদন্তে নেমে পুলিশ ইতিমধ্যেই দু’জনকে গ্রেফতার করেছে। নিহতের ময়নাতদন্ত কলকাতায় সম্পন্ন হয়েছে। রিপোর্ট হাতে এলেই আঘাতের প্রকৃতি ও মৃত্যুর মূল কারণ সম্পর্কে বিস্তারিত জানা যাবে বলে পুলিশ জানিয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *