SRFTI-তে ধুন্ধুমার, মনীষী অবমাননা নিয়ে গর্জে উঠলেন শিক্ষামন্ত্রী: ‘এই সংস্কৃতি বরদাস্ত নয়, পুলিশ তদন্ত করছে’

SRFTI-তে ধুন্ধুমার, মনীষী অবমাননা নিয়ে গর্জে উঠলেন শিক্ষামন্ত্রী: ‘এই সংস্কৃতি বরদাস্ত নয়, পুলিশ তদন্ত করছে’

কলকাতা: যাদবপুর বিশ্ববিদ্যালয়ের পর এবার শহরের আরও এক খ্যাতনামা শিক্ষা প্রতিষ্ঠান কলকাতার সত্যজিৎ রায় ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউট (SRFTI)-এ ধুন্ধুমার কাণ্ড। রবিবার দুপুরে ক্যাম্পাসের সেমিনার হলে আয়োজিত একটি অনুষ্ঠানকে কেন্দ্র করে শুরু হওয়া বচসা মুহূর্তের মধ্যে চরম সংঘর্ষে রূপ নেয়। সংঘাত জড়ায় আন্দোলনকারী পড়ুয়া এবং অখিল ভারতীয় গ্রাহক পঞ্চায়েতের (ABGP) সদস্যরা। এই ঘটনায় পঞ্চসায়র থানায় ইতিমধ্যেই ৩টি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে, যার মধ্যে ক্যাম্পাসে গাড়ি ভাঙচুরের ঘটনায় পুলিশ স্বতঃপ্রণোদিতভাবে একটি মামলা রুজু করেছে।

সোমবার এই ঘটনা নিয়ে রাজ্য রাজনীতি ও শিক্ষা মহলে শোরগোল পড়ে যায়। পুরো পরিস্থিতি নিয়ে চরম ক্ষোভ প্রকাশ করে কড়া প্রতিক্রিয়া দিয়েছেন রাজ্যের উচ্চশিক্ষামন্ত্রী জগন্নাথ চট্টোপাধ্যায়।

‘এই সংস্কৃতি বরদাস্ত করা হবে না’— ক্ষুব্ধ শিক্ষামন্ত্রী

শিক্ষা প্রতিষ্ঠানে হিংসার তীব্র নিন্দা জানিয়ে শিক্ষামন্ত্রী বলেন, “যেকোনো শিক্ষা প্রতিষ্ঠানে যেকোনো ধরনের হিংসাই অত্যন্ত নিন্দনীয় এবং অনভিপ্রেত। উচ্চশিক্ষামন্ত্রী হিসেবে আমি কখনই একে সমর্থন করতে পারি না।”

তবে এরপরই বিষয়টি নিয়ে অত্যন্ত কড়া বার্তা দেন তিনি। মন্ত্রী জানান, তিনি বেশ কিছু ভিডিয়ো ফুটেজ দেখেছেন, যেখানে দেখা যাচ্ছে বাঙালি মনীষী ও ‘ভারত মাতা’-র ছবিতে পদাঘাত করা হচ্ছে। এই প্রসঙ্গ টেনে তিনি বলেন, “যদি কোনো মনীষীকে অপমান করা হয়ে থাকে, তবে তা কোনোভাবেই সহ্য করা হবে না। এটা অত্যন্ত আশঙ্কাজনক এক পরিস্থিতি। শিক্ষা প্রতিষ্ঠানে এই ধরনের সংস্কৃতি আমরা বদলে দেব। এই সংস্কৃতি কোনোভাবেই বরদাস্ত করা হবে না। পুলিশ ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত করছে এবং দোষী কাউকে ছাড় দেওয়া হবে না।”

ঠিক কী ঘটেছিল রবিবারে?

সূত্রের খবর, রবিবার SRFTI-এর সেমিনার হলে অখিল ভারতীয় গ্রাহক পঞ্চায়েতের একটি পূর্বনির্ধারিত অনুষ্ঠান ছিল। আয়োজকদের দাবি, কর্তৃপক্ষের অনুমতি নিয়ে এবং নির্দিষ্ট ফি জমা দিয়েই তাঁরা হলটি বুক করেছিলেন। কিন্তু অনুষ্ঠান চলাকালীনই কিছু ছাত্রছাত্রী সেখানে হাজির হয়ে হলের বাইরে বিক্ষোভ ও স্লোগান দিতে শুরু করে বলে অভিযোগ। এতেই দু’পক্ষের মধ্যে বচসা শুরু হয়, যা পরে হাতাহাতিতে পৌঁছায়। দুই পক্ষই একে অপরের বিরুদ্ধে মারধরের অভিযোগ তুলেছে।

সোমবারের ক্যাম্পাস পরিস্থিতি

রবিবারের তাণ্ডবের পর সোমবার সকাল থেকেই থমথমে পরিবেশ বজায় রয়েছে SRFTI ক্যাম্পাসে। নিরাপত্তা জোরদার করা হয়েছে। বৈধ আইডি কার্ড ছাড়া কাউকেই ভেতরে ঢুকতে দেওয়া হচ্ছে না। বাইরে থেকে আসা ব্যক্তিদের বিশেষ অনুমতি নিয়ে তবেই প্রবেশের ছাড়পত্র মিলছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *